আড়াইহাজারে ৯ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাত আটটায় ওই শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি করেন।
মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার ছনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আল মাহি (২২) ও একই এলাকার আবদুর রশিদের ছেলে মো. আছলাম (১৮)।
মামলার বিবরণ থেকে জানা যায়, স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিপড়ুয়া ওই শিশু ও অভিযুক্ত মো. আছলাম অপর অভিযুক্ত আল মাহির কাছে প্রাইভেট পড়ত। পড়ার সময় আল মাহি ও আছলাম প্রায় সময় শিশুটিকে উত্ত্যক্ত করতেন।
এর মধ্যে গত ২৯ জুন রাতে শিশুটি প্রাইভেট পড়তে গেলে ওই দুজন তাকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি কাউকে না জানাতে অভিযুক্ত ব্যক্তিরা শিশুটিকে কোরআন শরিফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করান। তবে ওই রাতেই শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব খুলে বলে।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরদিন আমরা মামলা করতে চেয়েছিলাম। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় কয়েক ব্যক্তি আমাদের বাড়িতে এসে বিষয়টি মীমাংসার জন্য চাপ দেন। পরে স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আমরা মামলা করেছি।’
আসামিরা পলাতক জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ধর্ষণের মতো ঘটনা যাঁরা স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।