আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, এক জেলে নিখোঁজ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত অপর এক জেলেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই জেলের নাম মাসুম খান (৩০)। তিনি ওই এলাকার ইসমাইল খানের ছেলে। আহত জেলের নাম মো. দেলোয়ার হোসেন (২৫)।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল নিখোঁজ জেলে মাসুমকে উদ্ধারে অভিযান শুরু করেছে। দুপুর সাড়ে ১২টায় উদ্ধার অভিযানস্থলে থাকা বরিশাল নৌ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, অভিযান চলছে। তবে এখনো নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো রাতে নৌকা নিয়ে আড়িয়াল খাঁ নদে ইলিশ শিকারে যান জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। তাঁরা নদীতে জাল ফেলে নোঙর করে নৌকায় ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী তিন-চারটি লঞ্চ আড়িয়াল খাঁ নদে থেকে যায়। ওই সময় যেকোনো একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তবে নির্দিষ্ট কোনো লঞ্চের নাম বলতে পারেননি কেউ।
স্থানীয় ব্যক্তিরা জানান, জাল ফেলে নদীর কিনারে বৈঠার সঙ্গে বেঁধে (পাড়া) নৌকায় ঘুমিয়ে থাকলে স্রোতের তোড়ে বাঁধন খুলে ভেসে নৌকাটি মাঝ নদীতে চলে যায়। মূলত এতেই দুর্ঘটনা ঘটে।