আয়কর ও ভ্যাটের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় উন্নয়নমূলক কাজ এবং হাট-বাজার ইজারার আয়কর ও ভ্যাটের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। একটি চক্র ১৫ বছর ধরে সোনালী ব্যাংক ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সিল-স্বাক্ষর জাল করে এই টাকা তুলে নিয়েছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক ঠিকাদারি কাজের ক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত ১ শতাংশ, ১৫ লাখ টাকা পর্যন্ত ২ দশমিক ৫ শতাংশ, ২৫ লাখ টাকা পর্যন্ত ৩ দশমিক ৫ শতাংশ ও ২৫ লাখ টাকার ঊর্ধ্বে ৪ শতাংশ এবং হাট-বাজারের ইজারার ৫ শতাংশ আয়কর, ইজারা মূল্যের ১৫ শতাংশ ও অন্যান্য কাজের ৫ শতাংশ ভ্যাট ট্রেজারি চালান দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। চালানের একটি কপি পৌরসভা, সোনালী ব্যাংক ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। আয়কর ও ভ্যাটের টাকা সংশ্লিষ্ট ঠিকাদার ও ইজারাদার নিজেই ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে পারেন। অথবা পৌরসভার হিসাবরক্ষণ কার্যালয় ঠিকাদারদের বিল দেওয়ার সময় মোট বিল থেকে আয়কর ও ভ্যাটের টাকা কেটে নিয়ে ঠিকাদারদের বিল দিয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একটি সূত্র জানায়, ওই চক্র ১৫ বছর ধরে আয়কর-ভ্যাটের টাকা ঠিকাদার ও ইজারাদারের কাছ থেকে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। তারা ট্রেজারি চালানে ব্যাংক ও উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সিল ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে পৌরসভায় চালান জমা দিয়েছে এবং চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। আবার কোনো ক্ষেত্রে দেড় লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও শুধু ৫০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। এরপর চালানে ৫০ হাজারের আগে ১ লাখ লিখে পৌরসভায় চালান জমা দেওয়া হয়েছে।
অর্থ আত্মসাতের ঘটনা যাচাইয়ে পৌরসভা কর্তৃপক্ষ গত ৯ আগস্ট চারটি চালান সোনালী ব্যাংকের বিরামপুর শাখায় পাঠায়। পরদিন ব্যাংক কর্তৃপক্ষ দুটি চালান জাল হিসেবে শনাক্ত করে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয়।
এদিকে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে পৌরসভার পক্ষ থেকে গত মাসে কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সেলিম উদ্দিন বলেন, তদন্ত না করে আত্মসাৎ হওয়া টাকার পরিমাণ ও অপরাধী কারা, তা বলা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির আরেক সদস্য বলেন, আয়কর ও ভ্যাট কাটা এবং চেক বিতরণের কাজটি করে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়। সেখানকার কর্মীরা অর্থ আত্মসাতের দায় এড়াতে পারেন না। এরই মধ্যে হিসাবরক্ষণ শাখার একজন কর্মচারী দোষ স্বীকার করে প্রায় ১০ লাখ টাকা জমা দিয়েছেন।
ট্রেজারি চালানে হিসাবরক্ষণ কার্যালয় এবং সোনালী ব্যাংকের সিল ও কর্মকর্তার স্বাক্ষর জাল হলেও সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মফিদুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষ ঈদের পর লিখিতভাবে বিষয়টি আমাদের জানাবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’ সোনালী ব্যাংকের বিরামপুর শাখার ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
পৌর মেয়র লিয়াকত আলী সরকার প্রথম আলোকে বলেন, তদন্ত শুরু হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায়
আনা হবে।