ই-অরেঞ্জে বিনিয়োগের টাকা ফেরত পেতে নোয়াখালীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-অরেঞ্জের প্রতারণার অভিযোগে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। রোববার পৌনে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

অনলাইন শপ ই-অরেঞ্জের প্রতারণার অভিযোগে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে শতাধিক ভুক্তভোগী মানববন্ধন করেন। তাঁরা এ সময় ই-অরেঞ্জের বিরুদ্ধে তাঁদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন এবং বিনিয়োগ করা টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী তানজিল আহমেদ, মো. নিশান, জাহাঙ্গীর আলম প্রমুখ। তাঁরা বলেন, নোয়াখালীতে কয়েক শ যুবক ই-অরেঞ্জে পণ্য অর্ডার করে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছেন। মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও পণ্য সরবরাহ না পেয়ে তাঁরা এখন চরমভাবে হতাশ হয়ে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তাঁরা ই-অরেঞ্জে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

ভুক্তভোগী মো. নিশান বলেন, দেশসেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি অনলাইনে ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে আগ্রহী হন। গত ১৮ মে থেকে ২০ জুন পর্যন্ত ১০ লাখ ৭০ হাজার টাকার বাইক কেনার আদেশ দেন। নিয়ম অনুযায়ী ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্য সরবরাহ পাওয়ার কথা থাকলেও প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরও পণ্য পাননি।

আরেক ভুক্তভোগী নাজমুল ইসলাম বলেন, তিনিও অনলাইনভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ১৬ লাখ ৩০ হাজার টাকার পণ্য ক্রয়ের আদেশ দিয়েছেন এবং অর্থ পরিশোধ করেছেন। কিন্তু বারবার তারিখ দিয়েও প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহ করেনি। এরই মধ্যে তাঁরা ই-অরেঞ্জের কার্যালয় গিয়েও দেখেন তালা ঝুলছে। এতে তাঁর মতো অনেক সর্বস্বান্ত হয়ে পড়েছেন।