ইঁদুর পুষে তাক লাগালেন মামুন
ইঁদুরের উৎপাত থেকে জার্মানির হ্যামিলিন শহরের বাসিন্দাদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন এক বাঁশিওয়ালা। কথিত আছে, মায়াবী বাঁশির সুরে মুগ্ধ করে তিনি ইঁদুরদের ফেলে এসেছিলেন শহর থেকে দূরের এক নদীতে। কিন্তু রাজশাহীর সালাহউদ্দিন মামুন করেছেন উল্টোটা। বাইরে পাওয়া চারটি ইঁদুর এনে জায়গা দেন বাড়িতে। শখের বশে সেই ইঁদুর পুষতে পুষতে তিনি একটি খামারই গড়ে তুলেছেন। এখন তাঁর খামারে ইঁদুরের সংখ্যা হাজারের বেশি।
মামুনের বাড়ি রাজশাহীর কাটাখালীর সমসাদিপুরে। তাঁর খামারের ইঁদুর এখন ব্যবহৃত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষণার কাজে। ফার্মাসিটিউক্যাল কোম্পানিও গবেষণার জন্য ইঁদুর নিচ্ছে মামুনের কাছ থেকে। তাঁর দাবি, ব্যক্তি উদ্যোগে এটিই দেশের প্রথম ইঁদুরের খামার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পর্ব পেরিয়েছিলেন সালাহউদ্দিন মামুন। এরপর তিনটি আন্তর্জাতিক সংস্থায় গবেষক হিসেবেও কাজ করেছেন। ঢাকার জীবন ভালো না লাগায় ফিরে যান বাড়িতে। চেষ্টা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। তবে তা হয়নি। শেষ পর্যন্ত স্নাতকোত্তর পাস মামুন মাধ্যমিকের সনদ দিয়ে জোগাড় করেন চাকরি। তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব ল্যাবের পরিচারক।
মায়া থেকে শুরু ইঁদুর পালন
২০১৭ সালের শেষ দিকের ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক পিএইচডি গবেষক চারটি ইঁদুর নিয়ে এলেন। মামুনের পাশের সহকর্মীকে বললেন, তাঁর গবেষণা আপাতত শেষ। ইঁদুরগুলো কোথাও ছেড়ে দেন। ধবধবে সাদা রঙের ছোট ছোট ইঁদুরগুলো দেখে মায়া লেগে যায় মামুনের। সহকর্মীকে বলে ফেলে দিতে যাওয়া ‘সুইস অ্যালবিনো’ প্রজাতির ইঁদুরগুলো নিয়ে আসেন বাড়িতে। অবাক হন মা–বাবা। মামুন বাড়ির বারান্দার এক কোণে বেষ্টনী দিয়ে পালন করতে শুরু করেন। এরই মধ্যে একটি ইঁদুর বিড়াল খেয়ে ফেলে। কিছুদিন পর একটির পেট ফুলে যায়। তবে কয়েক দিন যেতে না যেতেই ওই ইঁদুরটি ১০টি বাচ্চা দিল। আরেকটি ইঁদুরও কয়েক দিনের মধ্যে আরও ১০টি বাচ্চা দিল। আনন্দে ল্যাবের অন্যদের কাছে এই গল্পই কয়েক দিন ধরে বলে বেড়ালেন মামুন। আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, মামুন নামের একজন ইঁদুর পুষছেন।
ইঁদুর বিক্রির খবরে অবাক সবাই
এক মাস পর একদিন তাঁর কাছ থেকে ইঁদুর কিনতে চাইলেন এক সহকর্মী। তত দিনে ইঁদুরের প্রতি মায়া গভীর হয়েছে তাঁর। ভাবলেন, ল্যাবে এগুলো কাটাছেঁড়া করা হবে, এতে তাঁর অমঙ্গল হবে। তবে তাঁর এই চিন্তা বদলে যায় প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়ামের তত্ত্বাবধায়ক আনজুমান আরার কথায়। তিনি মামুনকে আশ্বস্ত করেন, এগুলো কাটাছেঁড়া করা হয় মানুষের কল্যাণে। এক শিক্ষকের কাছে প্রথম ২০টি ইঁদুর দিলেন। ওই শিক্ষক খুশি হয়ে তাঁকে এক হাজার টাকার একটি নোট ধরিয়ে দেন। মামুন ওই টাকা নিজের পকেটে না নিয়ে ল্যাবের সবাইকে খাওয়ালেন।
বাড়িতে থাকা দুটি মা ইঁদুর ৪০ দিন অন্তর বাচ্চা দিয়েই যাচ্ছিল। আর মামুনের কাছে ইঁদুর আছে, এটাও ছড়িয়ে পড়ছিল। বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী–গবেষক মাহমুদুল হাসান একদিন ফোন দেন মামুনকে। ইঁদুরের ফরমাশ পেয়ে চমকে যান মামুন। মামুনের ভাষায়, ‘তাঁর কাছে আমি ২০টি ইঁদুর ৮০০ টাকায় বিক্রি করে মায়ের হাতে তুলে দিই। ইঁদুর বিক্রি হয়, এটা মা বিশ্বাসই করতে চাইছিলেন না।’
তারপর একদিন ফার্মেসি বিভাগের এক শিক্ষকের কাছ থেকে ফোন পান মামুন। কোনো এক ছুটির দিনে ওই শিক্ষকের কাছে ২০টি ইঁদুর তিনি বিক্রি করেন। ওই শিক্ষকের কাছ থেকেই ইঁদুর পালন সম্পর্কে বিস্তারিত ধারণা পান। একের পর এক অর্ডার আসতে থাকে মামুনের কাছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে ইঁদুর সরবরাহের পাশাপাশি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েও দেন ইঁদুর। শুধু বিশ্ববিদ্যালয়েই সরবরাহ করে মাসে গড়ে সাত–আট হাজার টাকা আয় করেন। এখন প্রতিটি ইঁদুর বিক্রি করছেন ৭০ টাকায়। কয়েক মাস ধরে ঢাকার বিভিন্ন ফার্মাসিটিউক্যালস কোম্পানিও তাঁর কাছ থেকে ইঁদুর নিচ্ছে।
ইঁদুরের খামারে একদিন
কাঁটাখালীতে মামুনের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি খুপরির ভেতরে বেশ কিছু কার্টনে ইঁদুর পালন করা হচ্ছে। খুপরির সামনে যাওয়ামাত্রই ইঁদুরগুলো এদিক-সেদিক দৌড়াদৌড়ি করছিল। সাপ-বিড়াল থেকে তাদের রক্ষা করতে ঘরের চারদিকে শক্ত নেট দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। খাবার হিসেবে দেওয়া আছে ব্রয়লার ফিড ও ধান-গম-ভুট্টার দানা।
ইঁদুর পালনে খুব বেশি ঝামেলা নেই জানিয়ে মামুন বলেন, দু-তিন দিন পর পর ঘরটা পরিষ্কার করতে হয়। কার্টনগুলো ওরাই কেটে ফেলে, সেগুলোও পাল্টাতে হয় আট-দশ দিন পরপর। আর মাসে হাজার ইঁদুরের জন্য এক হাজার টাকার খাবার কিনলেই চলে।
মামুন ইঁদুর চাষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চান। এ জন্য নানা রকম পড়াশোনাও করছেন। বিভিন্ন দেশে এটা কীভাবে চাষ করা হয়, সেদিকেও খেয়াল রাখছেন। তিনি জানান, সুইস অ্যালবিনো প্রজাতির এই ইঁদুর আমেরিকায় বছরে ছয়বার মাত্র বাচ্চা দেয়। কিন্তু বাংলাদেশে এটি বছরে ১০ বার পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। উৎপাদনের দিক দিয়ে এটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময়। আর বিদেশের বিভিন্ন ল্যাবে অনেক চাহিদা থাকায় ইঁদুর রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
মামুন বলেন, গবেষণাগারে বিভিন্ন গবেষণায় ইঁদুরের চাহিদা বেড়েই চলেছে। সব ওজনের ইঁদুরই গবেষণায় প্রয়োজন হয়। তবে ২০-৩০ গ্রাম ওজনের ইঁদুরের চাহিদা বেশি। আর এক মাস পালনেই গবেষণার জন্য ইঁদুরের এই ওজন পাওয়া যায়। তাঁর কাছে বর্তমানে ১০০টির বেশি মা ইঁদুর রয়েছে।
ছেলের এ ধরনের কাজ নিয়ে মা ইয়াসমিন খাতুন বলেন, ‘আমার ছেলে অনেক ভালো ফলাফল করেছে। ওর শিক্ষক হওয়ার আশা আছে। এখন যেটা (ইঁদুর পালন) করছে, তা আমাদের সংসারের একটা বাড়তি আয়। ও যা ভালো মনে করে, তাই করছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, ‘আমাদের এখানে ঢাকা থেকে ইঁদুর এনে গবেষণার কাজ চালানো হতো। এখন মামুনই এখানে ইঁদুর সরবরাহ করছেন। নিঃসন্দেহে এই ধরনের ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানাতে হবে। আর এটা একটা সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে।’