ইউএনও পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জরিনা বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রতারিত একজনের দায়ের করা প্রতারণা মামলায় তাঁকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাবতলী উপজেলা প্রশাসন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দই-মিষ্টি দোকানি বিপ্লব দাসের স্ত্রী বীণা রানী দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে আসছিলেন। কিছুদিন আগে বীণা রানীর মুঠোফোনে এক নারী ফোন করে জানান, তাঁর নাম দীপ্তি রানী। তিনি গাবতলীর ইউএনও। কথাবার্তার একপর্যায়ে ইউএনও কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরির প্রস্তাব দেন। বিনিময়ে এক লাখ টাকা তাঁকে দিতে হবে বলে জানান। এতে রাজি হয়ে গত বছরের ২১ নভেম্বর ইউএনও পরিচয় প্রদানকারী ওই নারী বীণাদের বাড়িতে জরিনা বেগম নামে একজনকে পাঠিয়ে ৪০ হাজার টাকা বুঝে নেন। যাতায়াতের খরচ বাবদ জরিনা আরও এক হাজার টাকা নেন।

বীণা রানীর স্বামী বিপ্লব দাস বলেন, মাসখানেক পর মুঠোফোনে কল করে কথিত ইউএনও দীপ্তি রানী অবশিষ্ট ৬০ হাজার টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেন। তিন মাস পর নিয়োগপত্র পাঠানোর কথা বলেন। প্রতিশ্রুতি অনুযায়ী, তিন মাস পর নিয়োগপত্র নেওয়ার জন্য গাবতলীর ইউএনওর কার্যালয়ে গিয়ে জানা যায়, দীপ্তি রানী নামে এ উপজেলায় কোনো ইউএনও নেই; কখনো ছিলও না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গাবতলীর ইউএনওকে লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগের সূত্র ধরে খোঁজখবর ও মুঠোফোনের কললিস্ট যাচাইয়ের একপর্যায়ে বেরিয়ে আসে জরিনা বেগমই কথিত ইউএনও দীপ্তি রানী।

গাবতলীর ইউএনও রওনক জাহান বলেন, ইউএনও পরিচয়ে চাকরি দেওয়ার কথা বলে বীণা রানী নামে একজন চাকরিপ্রত্যাশী নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি ফাঁস হওয়ার পর মোট সাতজনের কাছ থেকে ইউএনও পরিচয়ে ৪ লাখ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার তথ্য আসে। বীণা রানীসহ দুজন উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তে সোমবার ইউএনওর কার্যালয়ে ডাকা হয় জরিনা বেগম ও অভিযোগকারী ব্যক্তিদের। মুখোমুখি করার পর একপর্যায়ে জরিনা স্বীকার করেন, ইউএনও পরিচয় দিয়ে তিনি নানাজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রতারিত অনেকেই জরিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে শুধু প্রতারিত বীণা রানীর স্বামী বিপ্লব দাস জরিনাকে আসামি করে প্রতারণার মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জরিনাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।