ইউএনওর খোয়া যাওয়া ব্যাগ এক ঘণ্টায় উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের ব্যাগ খোয়া যাওয়ার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। তবে ব্যাগটি উদ্ধার নিয়ে পুলিশ কর্মকর্তাদের কথায় গরমিল থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
ইউএনও গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে আসেন। এ সময় তাঁর হাতব্যাগটি খোয়া যায়। দ্রুত তিনি ভৈরব থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এর এক ঘণ্টার মধ্যে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান ব্যাগটি উদ্ধার করে ওসি বদরুল আলম তালুকদারকে বুঝিয়ে দেন। রাত সাড়ে নয়টার দিকে ওসি ব্যাগটি ইউএনওর হাতে তুলে দেন।
এক ঘণ্টার মধ্যে পুলিশ ইউএনওর ব্যাগ উদ্ধার করে দিলেও কোনো অপরাধীকে আটক করতে না পারার বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। এদিকে ইউএনও মুঠোফোনে বলেন, ‘একটি ফলের দোকানে ব্যাগটি ফেলে গিয়েছিলাম। পরে ওই জায়গায়ই সেটি পাওয়া গেছে।’ এর বেশি তিনি আর কিছু বলতে রাজি হননি।
বদরুল আলমও ব্যাগটি ফলের দোকানে পাওয়া গেছে বলে জানান।
তবে এএসআই বলেন, তিনি শহরের আড়াইব্যাপারীর বাড়ি এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করেন। অপরাধী ধরতে না পারার কারণ হিসেবে তিনি বলেন, অপরাধী তাঁকে দেখেই ব্যাগটি ফেলে দৌড় দেয়।