ইউএনওর গাড়িতে ড্রামট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায় একটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রামট্রাকটি। আরও পাঁচ কিলোমিটার পথ যাওয়ার পর আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর রং সাইডে গিয়ে সজোরে ধাক্কা দেয় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরীর গাড়িতে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।
উপজেলার পুকুরিয়ার ঝিঝি ফকির মাজার এলাকায় আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ইউএনও তখন পুকুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি সড়কের কাজ পরিদর্শন শেষে উপজেলা সদরে ফিরছিলেন।
বড় দুর্ঘটনা না হলেও আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র জানায়, ইটবাহী ড্রামট্রাকটি প্রথমে সিএনজি অটোরিকশাকে ধাক্কায় দিয়ে পরে ইউএনওর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ওই সিএনজির তিনজন যাত্রী আহত হন। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
ইউএনওর গাড়িচালক মো. মনছুর আলম বলেন, ‘মুহূর্তেই ইটের গাড়িটি আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি দ্রুত বাঁ দিকে মোড় না নিলে আমাদের বড় দুর্ঘটনা ঘটত। এর আগে ইটবাহী ট্রাকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী বলেন, ‘বড় দুর্ঘটনা না হলেও আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’