ইউএনওর বিরুদ্ধে ব্যক্তিমালিকানার জমিতে সরকারি ঘর নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন চর এলাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন। রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীরের বিরুদ্ধে ব্যক্তিমালিকানার ভূমি দখল করে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মতিন নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে ইউএনও জিয়াউল হক মীর আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আবদুল মতিন একজন চিহ্নিত ভূমিদস্যু। চরের অনেক জমি তিনি অবৈধভাবে দখল করেছেন। চর এলাহী বাজারসংলগ্ন উল্লিখিত ভূমি সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। খাস জমিতে মুজিব বর্ষের গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। আবদুল মতিন সেই সরকারি কাজে বাধা দিচ্ছেন।

আবদুল মতিনের দাবি, ২০০৯ সালে হাসিনা আক্তার নামে এক নারীর মালিকানা চর এলাহী মৌজার ১৪৬৮ নম্বর খতিয়ানের বিভিন্ন দাগে ১ একর ৫০ শতাংশ জমি সাফ কবলা দলিলের মাধ্যমে তিনি (মতিন) ও তাঁর স্ত্রীর নামে হস্তান্তর করেন। হস্তান্তরিত ভূমির কিছু অংশ সরকারের খাস খতিয়ানে রেকর্ড হয়ে গেলে তিনি দেওয়ানি আদালতে ১৫৩/২০১৮ মামলা করেন। মামলার পর আদালত নালিশি ভূমিতে স্থিতাবস্থা জারি করেন, যা এখনো বলবৎ আছে।

সংবাদ সম্মেলনে আবদুল মতিন বলেন, গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তাঁকে ওই ভূমিতে যেতে বাধা দেন। নিজের মালিকানার বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেও তাঁকে (মতিনকে) কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সর্বশেষ ১০-১৫ দিন আগে হঠাৎ তাঁর ভূমিতে ভূমিহীনদের জন্য আবাসিক স্থাপনা নির্মাণ শুরু করেন ইউএনও জিয়াউল হক মীর।

মতিনের দাবি, স্থাপনা নির্মাণের পর ইউএনওর সঙ্গে দেখা করে আদালতের স্থিতাবস্থা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ও নির্মাণকাজ অব্যাহত রাখা হয়। উদ্ভূত পরিস্থিতি আদালতের নজরে আনলে চলতি মাসের ২৩ জানুয়ারি আদালত থেকে একজন প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও জিয়াউল হক মীর বলেন, সরকারি খাস জমি বিক্রি করার সুযোগ নেই। তা ছাড়া ওই ভূমি বিগত দুটি জরিপে সরকারি খাস খতিয়ানের নামে রেকর্ড হয়েছে। ঘর নির্মাণের জন্য স্থান নির্বাচনের পর আবদুল মতিনকে জমির কাগজপত্র দেখাতে বলা হয়েছিল, কিন্তু তিনি (মতিন) কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আবদুল মতিন বলেন, ওই ঘটনার পর তাঁর বিরুদ্ধে স্থাপনা নির্মাণের স্থান থেকে মালামাল চুরির অভিযোগে ২৬ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ চুরির মালামাল উদ্ধারের নামে তাঁকে ও পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে।