ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে হাতিয়ে নেওয়া হলো ৪০ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেনের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র। এরপর ওই নম্বর থেকে স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধির কাছে কল করে টাকা চাওয়া হয়। এভাবে প্রতারণা করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ঘটনায় আজ রোববার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
দুপুরে ইউএনও ইয়ামিন হোসেন ‘উপজেলা প্রশাসন সদর’ নামের ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোন নম্বর ক্লোন করা হয়েছে। জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে ক্লোন করা নম্বর থেকে কল করে টাকা চাওয়া হচ্ছে। কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার বেলা সোয়া ১১টা থেকে বেলা ২টার মধ্যে সদর উপজেলার রামরাইল, সাদেকপুর, সুহিলপুর ও মজলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে ইউএনওর ক্লোন করা নম্বর থেকে কল করে বিভিন্ন কাজের কথা বলে টাকা দিতে বলা হয়। এর মধ্যে রামরাইল ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বিকাশের ৪০ হাজার টাকা পাঠান। পরে তিনিসহ জনপ্রতিনিধিরা বিষয়টি ইউএনওকে জানান।
ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইউএনও স্যারের নম্বর থেকে আমাকে কল করে অনুষ্ঠানের কথা বলে ৫০ হাজার টাকা চাওয়া হয়। পরে আমি ১১টা ১৮ মিনিটে ৪০ হাজার টাকা বিকাশ করে পাঠাই। এরপর আবার কল করে এক লাখ টাকা চাওয়া হয়। তখন আমার সন্দেহ হয়।’ টাকা পাঠানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ইউএনও স্যার অনেক সময় উপজেলায় অনেক অনুষ্ঠান করেন। তখন আমরা অংশগ্রহণ করি।’
ইউএনও ইয়ামিন হোসেন প্রথম আলোকে বলেন, রোববার দুপুরে ক্লোন করা নম্বর থেকে কল করে একজন ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ছাড়া সদর উপজেলার মজলিশপুর, সাদেকপুর, সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছেও কল করে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাওয়া হয়।
ইউএনও বলেন, ‘এ ঘটনায় আমি বিব্রত। আমার নম্বর ক্লোন করে কলগুলো করা হয়েছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে বলেছি। এর আগেও আমার নম্বরটি ক্লোন হয়েছে। এ বিষয়ে সদর থানায় জিডি করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।