ইউএনওর সনদে ভুল, এক মাস ধরে জন্মনিবন্ধন সংশোধন আটকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

জন্মনিবন্ধন সনদে ভুল থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা সম্প্রতি সেটি সংশোধনের জন্য নিজ জেলা রাঙামাটি পৌরসভায় আবেদন করেন। এখন পর্যন্ত সংশোধিত অনলাইন জন্মনিবন্ধন সনদ হাতে পাননি তিনি। এ কারণে উপজেলায় জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ সংশোধনের ইউজার আইডি খুলতে পারেননি এই ইউএনও। এতে উপজেলার কেউই জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে পারছেন না। এ কারণে প্রায় এক মাসের বেশি সময় ধরে দুর্ভোগে পড়েছেন উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার আবেদনকারীরা।

দেশের সব উপজেলায় জন্মনিবন্ধন ও মৃত্যুসনদে কোনো সমস্যা থাকলে তা সংশোধনের অনুমতি দেওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন ইউএনও। বাঞ্ছারামপুরের ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কোনো ব্যক্তির জন্মনিবন্ধন বা মৃত্যুসনদ সংশোধন করতে হলে অনলাইনে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://bdris.gov.bd) আবেদন করতে হয়। এ ক্ষেত্রে ইউএনওকে নিজের জন্মনিবন্ধন সনদের কপি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি ইউজার আইডি খুলতে হয়। ওই ইউজার আইডি থেকে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ সংশোধনের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে অনুমোদন দিয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠান তিনি। ইউএনও একি মিত্র চাকমা গত ৮ মে নিজের জন্মনিবন্ধন সংশোধনের জন্য রাঙামাটি পৌরসভায় আবেদন করেন। এখন পর্যন্ত সংশোধিত এ অনলাইন সনদ না পাওয়ায় ইউজার আইডি খুলতে পারেননি তিনি।

বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ইউএনও এখনো জন্মনিবন্ধন সনদ সংশোধনের আইডি খুলতে পারেননি। এ কারণে এক মাস ধরে পৌরসভাসহ উপজেলার কারও জন্মনিবন্ধন সনদ সংশোধন করা যাচ্ছে না। অনেক আবেদন জমা পড়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের ইউএনও সৈয়দা শমসাদ বেগম সম্প্রতি ফেনীর পরশুরামের ইউএনও হিসেবে বদলি হন। গত ২১ এপ্রিল একি মিত্র চাকমা বাঞ্ছারামপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দেন। সৈয়দা শমসাদ বেগম যতগুলো জন্মনিবন্ধন সনদ সংশোধনের অনুমতি দিয়ে যান, সেগুলো এপ্রিল মাস পর্যন্ত বিতরণ করা হয়। ইউএনওর কার্যালয় থেকে সর্বশেষ গত ২৯ এপ্রিল সংশোধিত সনদগুলো গ্রাহকদের সরবরাহ করা হয়। কিন্তু এর পর থেকে এ সনদ সংশোধন বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা গঠিত। এক মাসের বেশি সময় ধরে এসব এলাকার বাসিন্দাদের কেউ কেউ জন্মনিবন্ধন সনদ সংশোধনের জন্য অনলাইনে আবেদন করছেন। অনেকে সশরীর ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় যাচ্ছেন। তাঁরা এ–সংক্রান্ত ফরমটি নিয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে নির্ধারিত ফি জমা জমা দিয়ে ইউপি চেয়ারম্যান কিংবা সচিব ও পৌর কর্তৃপক্ষের স্বাক্ষর নিচ্ছেন। এরপর আবেদনপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র ইউএনওর কার্যালয়ে জমা দিচ্ছেন। কিন্তু কেউই জন্মনিবন্ধন সংশোধন করতে পারছেন না।

উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বাসিন্দা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে হেলেনা বেগমের শ্বশুরবাড়ি তেজখালি ইউনিয়নে। তাঁর দুই সন্তান সামিয়া ইসলাম পঞ্চম শ্রেণিতে ও মারিয়া ইসলাম তৃতীয় শ্রেণিতে পড়ে। ২০-২৫ দিন আগে ইউপি সচিবের কাছে দুই নাতনির জন্মনিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন করেছি। কিন্তু এখনো পাইনি।’

পৌরসভা ও একাধিক ইউনিয়ন পরিষদের সচিবদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাসে ইউএনওর কার্যালয়ে ২৫০–এর বেশি জন্মনিবন্ধন সনদ সংশোধনের আবেদন জমা পড়ে রয়েছে। এ ছাড়া পৌরসভায় প্রায় ৩০০টি এবং ১৩টি ইউনিয়নে প্রায় ১ হাজার ১৭০টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া মৃত্যুসনদ সংশোধনের বেশ কয়েকটি আবেদনও রয়েছে।

উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের সচিব প্রথম আলোকে বলেন, এক মাসের বেশি সময় ধরে জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ সংশোধন বন্ধ রয়েছে। তবে জন্মনিবন্ধন সনদ সংশোধনের আবেদনকারীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

রাঙামাটি পৌরসভার সার্ভার ডাউন থাকায় জন্মনিবন্ধন সনদ সংশোধন করা যাচ্ছে না বলে জানিয়েছেন ইউএনও একি মিত্র চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামী সপ্তাহে আমি আমার সংশোধিত জন্মনিবন্ধন সনদ পাব।’