ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তারা টাকা চায়।

সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাদল সরকার বলেন, সকালে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে কল করে বলা হয়, সড়ক ও জনপথ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে আপনার নামে একটা বরাদ্দ আসবে। একটা নম্বর পাঠাচ্ছি। ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে দেন। তাহলে জেলা প্রশাসক খুশি হবেন। কিন্তু অপর প্রান্তের কণ্ঠস্বর অপরিচিত মনে হওয়ায় তিনি (ইউপি চেয়ারম্যান) তাঁকে বলেন, তিনি একটু পরে কল দিচ্ছেন। এরপর তিনি ইউএনওকে ঘটনাটি জানান ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

ইউএনও বলেন, ‘তাঁর মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র রোববার দিনভর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করেছে। বিষয়টি তিনি জানতে পেরে তাৎক্ষণিক সব ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন করে সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া মুঠোফোন নম্বর ক্লোন হওয়ার বিষয়টি সবাইকে জানিয়ে দিতে সদর উপজেলার ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি স্ট্যাটাসও দেওয়া হয়েছে।’ এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

ইউএনও বলেন, ইউএনও কার্যালয় কখনো এভাবে টাকা নেয় না। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, ইউএনও মেহেদী মোর্শেদের নম্বর ক্লোন হওয়ার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রকে শনাক্ত করা হবে।