ইউজিসিতে অভিযোগকারী শিক্ষকদের গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগকারী বাদীপক্ষের শিক্ষকদের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী শুনানিতে অভিযোগকারী শিক্ষকদের পক্ষে চারজন প্রতিনিধি অংশ নেন।

অনিয়ম-দুর্নীতির অভিযোগকারী শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক জিন্নাত আরা বেগম ও সহকারী অধ্যাপক মোহা. সোলাইমান চৌধুরী ইউজিসির শুনানিতে অংশ নেন। শুনানিতে ইউজিসির পক্ষে ইউজিসির সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক দিল আফরোজা বেগম, ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর ও সাচিবিক দায়িত্ব পালনের জন্য জেনারেল সার্ভিসেস অ্যান্ড এস্টেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর উপস্থিত ছিলেন।

শুনানিতে অংশ নেওয়া শিক্ষক মোহা. সোলাইমান চৌধুরী বলেন, ‘আমরা আমাদের অভিযোগ আগেই উপস্থাপন করেছিলাম। অভিযোগের বিভিন্ন বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করা হয় এবং ব্যাখ্যা চাওয়া হয়। আমরা সেগুলোর উত্তর দিয়েছি।’

আগামী শনিবার বিকেল তিন ও চারটায় যথাক্রমে উপাচার্য এম আবদুস সোবহান ও সহ–উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এম আবদুস সোবহান আগেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি শুনানিতে অংশ নেবেন না। চৌধুরী মো. জাকারিয়া শুনানিতে অংশ নেওয়ার বিষয়ে কিছু জানাননি।
উপাচার্যের শুনানিতে অংশ না নেওয়ার ব্যাপারে অধ্যাপক দিল আফরোজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।