ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশালের বগার বাজার পেট্রলপাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার সাত আরোহী। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন বলেন, আজ সকালে বগার বাজার এলাকায় সড়ক বিভাজকের মাঝখানে ময়মনসিংহগামী একটি লেগুনা ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এ সময় লেগুনার ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহত দুজন হলেন মোছা. রিমা (২০) ও মো. সাব্বির (২৬)। দুজনই ভালুকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁদের বাড়ি ভালুকা উপজেলার রামদিয়ায়।
ওসি জানান, দুর্ঘটনার পর লেগুনা ও ট্রাকটি জব্দ করা হলেও চালকেরা পলাতক। দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।