ইউটার্নের সময় ব্যক্তিগত গাড়িকে বাসের ধাক্কা, নিহত ৬

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নিতে যাওয়া ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। গাড়িটিকে ঠেলে প্রায় ২০০ ফুট দূরে নিয়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যক্তিগত গাড়ির ছয়জনের মৃত্যু হয়।

ময়মনসিংহের ভালুকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌর সদরে ব্যক্তিগত গাড়িকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। শনিবার সকাল সোয়া ৯টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সকালে পৌর সদরের ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ব্যক্তিগত গাড়ি ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয় এবং ঠেলে প্রায় ২০০ ফুট নিয়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে কাজ করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ছবি: প্রথম আলো

ওসি আরও বলেন, নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।