ইউনিয়নে হচ্ছে ওয়াটার পয়েন্ট

জেলার প্রতিটি ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট ও প্রতিটি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় জলের সংকট নিরসনে ওয়াটার পয়েন্ট ও ওয়াটার রিজার্ভার স্থাপন করা হবে। জেলার প্রতিটি ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট ও প্রতিটি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গতকাল সোমবার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সকালে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনলাইনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন বলেন, ২০২১-২২ অর্থবছরে জেলার প্রতিটি ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট (পানীয় জলের উৎস) ও প্রতিটি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হবে। এ ছাড়া উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা ও দাকোপের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের অনুমোদন হয়েছে।

এ বিষয়ে আকমল হোসেন প্রথম আলোকে বলেন, ওয়াটার পয়েন্ট বলতে সুপেয় পানির উৎস তৈরি করা হবে। যেসব জায়গায় নলকূপের সুপেয় পানি পাওয়া যায়, সেখানে নলকূপ স্থাপন করা হবে। যেখানে নলকূপে সুপেয় পানি মেলে না, সেখানে রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতি হবে। আর স্থানীয় জনগণের জন্য যে ওয়াটার রিজার্ভার হবে, সেখানে রিজার্ভারের পাশাপাশি পাম্প থাকবে। ট্যাপের মাধ্যমে মানুষ পানি সংগ্রহ করবে। স্থানীয় লোকজন এর দেখভাল করবেন। বিদ্যুতের জন্য যে টাকা খরচ হবে, স্থানীয় ব্যবহারকারীরা সেটা পরিশোধ করবেন।

এদিকে গতকালের সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, গত জুনে বৃষ্টিতে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় ৯৩১ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকার বেশি। এ সময় তিনি বেড়িবাঁধের স্লুইসগেট (জলকপাট) পরিচালনায় কৃষি দপ্তরকে সংযুক্ত করার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনায় করোনা সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। তারপরও স্বাস্থ্যবিধি পালনের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলীসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা সভায় অংশ নেন।