ইউপি চত্বরেই শেষ ঈদ আনন্দ
হাজেরা বেগমের (৪৫) স্বামী নেই। এবাড়ি-ওবাড়ি কাজ করে সংসার চালান। অনেক দৌড়ঝাঁপ করে একটি ভিজিএফ কার্ড সংগ্রহ করেছিলেন। ১৮ জুলাই ব্যাগ হাতে তিনি ইউনিয়ন পরিষদ চত্বরের সারিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে। ইউপি সদস্য আতর মিয়া তিনিসহ সারির সবার কার্ড চেয়ে নিয়ে চেয়ারম্যানের হাতে তুলে দেন।
হাতে কার্ড পেয়ে চেয়ারম্যান বললেন, ‘দরজা লাগা, বন্ধ কর চাল মাপা।’ চেয়ারম্যানের এমন নির্দেশে চাল বিতরণ বন্ধ হয়ে গেলে হাজেরাসহ অন্যান্য দুস্থদের বাড়ি ফিরে যেতে হয়। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চত্বরেই মিলিয়ে যায় তাঁদের ঈদ আনন্দ।
ভিজিএফের চাল না দিয়ে দুস্থদের সঙ্গে প্রতারণার এ খণ্ডচিত্রটি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের। ভুক্তভোগী হাজেরা বেগমের বাড়ি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহিমেরকান্দি গ্রামে। তাঁর স্বামী আবদুল খালেক ১১ বছর আগে মারা গেছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, তাঁদের নানা কৌশলে ভিজিএফের চাল থেকে বঞ্চিত করা হয়। ভিজিএফের কার্ডে আওয়ামী লীগের নেতা, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ভাগ বসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে এবার এক হাজার ৯৯৬টি বিশেষ ভিজিএফের কার্ড বরাদ্দ করে সরকার। কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা। মোট বরাদ্দ কার্ডের ৪০ শতাংশ অর্থাৎ ৮০০ কার্ড ইউনিয়ন আওয়ামী লীগ নিয়ে নেয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আশাব উদ্দিন খান চেয়ারম্যানের কাছ থেকে কার্ডগুলো বুঝে নেন। ভাগ দিতে হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও। উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব পান ১৭০টি, ভাইস চেয়ারম্যান (নারী) খালেদা বেগম নেন ৪৫টি কার্ড। বাকি ৯৮১টি কার্ড চেয়ারম্যান ও নয়টি ওয়ার্ডের সদস্যরা মিলেমিশে বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান কার্ড নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, নারায়ণপুর ইউপির চেয়ারম্যান আবু তারেকের প্রতারণার ফাঁদে পড়ে অন্তত ৩০০ নারী ও পুরুষ কার্ড পেলেও চাল পাননি। আবার যাঁরা চাল পেয়েছেন, তাঁরা কার্ডপ্রতি দেড় থেকে দুই কেজি করে কম পেয়েছেন।
এ ব্যাপারে আবু তারেক বলেন, অনেকে ভুয়া কার্ড দেখিয়ে চাল নিয়ে গেছে। এ কারণে মজুত ফুরিয়ে গেলেও কার্ড রয়ে যায়। কার্ড রেখে চাল না দেওয়ার অভিযোগ বিষয়ে তিনি বলেন, ওগুলো ভুয়া কার্ড ছিল। আবু তারেক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম দফা চাল দেওয়া হয়। প্রথম দিন ওজন কারচুপির অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা ওই দিনই দলে দলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন। পরদিন শুক্রবার কিছু মানুষকে চাল দেওয়ার পর কার্ড রেখে বিতরণ বন্ধ করে দেন ইউপি চেয়ারম্যান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাব উদ্দিন খান বলেন, দল চালাতে গেলে অনেক কিছু করতে হয়। এ কারণে তাঁরা ভিজিএফের কার্ড নিয়ে তাঁদের কর্মী-সমর্থকদের দিয়েছেন। ইউএনও সুলতানা রাজিয়া দাবি করেন, কিছু সমস্যা থাকলেও সবার মাঝে চাল বিতরণ হয়ে গেছে।