ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও পাশ্ববর্তী আরেক ইউপি সচিবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ায় দুজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক।

নবনির্বাচিত ওই চেয়ারম্যান হলেন লুৎফর রহমান ওরফে লাল মিয়া। তিনি বড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সম্প্রতি পার্শ্ববর্তী সলিমগঞ্জ ইউপি সচিব জগলুল আহমেদের সঙ্গে লুৎফর রহমানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নবীনগর উপজেলা প্রশাসন থেকে ২৪ জানুয়ারি এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শুরুতে জানাজানি না হলেও গতকাল শুক্রবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হয়। কারণ দর্শানোর ওই নোটিশে সূত্র হিসেবে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিমের মৌখিক নির্দেশনা।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নবীনগর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে বড়িকান্দি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফর রহমান ওরফে লাল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। ১১ জানুয়ারি তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেন।

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, লুৎফর রহমান ও সলিমগঞ্জ ইউপি সচিব জগলুল আহমেদ একত্র হয়ে মাদক সেবন করছেন, যার ভিডিও ইউএনও অফিসে সংরক্ষিত আছে। মাদক সেবন করার কারণে কেন তাঁদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯–এর ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না, সে বিষয়ে চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে জবাব দালিখের জন্য অনুরোধ করা হয়।

ইউএনও একরামুল ছিদ্দিক আজ শনিবার প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে মাদক সেবনের বিষয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে কেউই এখনো কারণ দর্শানোর উত্তর দেননি। ইউএনও বলেন, ‘আরও দুই দিন অপেক্ষা করব। যদি উত্তর না দেন, তাহলে আরেকটি চিঠি দেওয়া হবে।’

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সচিব জুগলুল আহমেদ ও আরও দুজন লোক একটি খাটের ওপর বসা। তাঁদের সামনে দুটি থালা, একটিতে খাবার ও অন্যটি খালি, একটি পানির বোতল। সচিব জগলুল দাঁত দিয়ে একটি বোতলের মুখ খুলছেন। পরে কয়েকটি কাপ ও ছোট গ্লাসে ঢালেন। চেয়ারম্যানকে একটি কাপ এগিয়ে দেন। একটি কাপ নিজে নেন। সবাই মিলে তা পান করেন।

ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি একটি পরামর্শের জন্য সচিবের কাছে গিয়েছিলাম। পরে চলে এসেছি।’ সচিব বোতল থেকে কী ঢালছিলেন, জানতে চাইলে তিনি বলেন, তিনি জানেন না।

সলিমগঞ্জ ইউপি সচিব জগলুল আহমেদ বলেন, ‘আমাকে হোমিওপ্যাথিক চিকিৎসক ওষুধ দিয়েছিল। সেটি গ্রহণ করছিলাম। বাকিরা চা খাইতেছিল।’ ভিডিওতে দেখা গেছে একটি বোতল থেকে তিনি বিভিন্নজনকে একই জিনিস ঢেলে দিচ্ছিলেন, এ প্রসঙ্গে জগলুল বলেন, ‘না, আমি ওষুধ খাচ্ছিলাম।’ পরে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।