ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে মামলা দায়ের

চেয়ারম্যানের দাবি, নির্ধারিত ওয়ার্ডের বাসিন্দাদের টিকা না দেওয়ায় বাগ্‌বিতণ্ডা হয়েছে। মারধর ও গালিগালাজের অভিযোগ সত্য নয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে এবার সরকারি কাজে বাধা ও স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কনকদিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আল আমিন সিকদার বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এজাহার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত শনিবার বাউফলের কনকদিয়া ইউপি কার্যালয়ে করোনার গণটিকাদান কার্যক্রম চলছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় সদস্যের একটি দল অনলাইনে নিবন্ধনধারী ব্যক্তিদের আগে টিকা দিচ্ছিল। বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার এসে এতে বাধা দেন। তিনি ইউপি সদস্যদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রেখে টিকা দেওয়ার জন্য বলেন। তখন তাসলিমা বেগম ও আল আমিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী অনলাইনে নিবন্ধনধারী ব্যক্তিদের টিকা দিতে থাকেন। এ সময় ইউপি চেয়ারম্যান শাহিন ক্ষুব্ধ হয়ে আল আমিনকে কিলঘুষি মারেন। একপর্যায়ে আল আমিন মাটিতে পড়ে গেলে তাঁকে লাথি মারেন চেয়ারম্যান। সেই সঙ্গে তাসলিমা বেগম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নাম ধরে শাহিন হাওলাদার অশালীন ভাষায় গালিগালাজ করেন। তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। এতে প্রায় এক ঘণ্টা টিকাদান কর্মসূচি বন্ধ ছিল।

যদিও চেয়ারম্যান শাহিন হাওলাদার এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আগে টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দিচ্ছিলেন তাঁরা। আমি এর প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর ও গালিগালাজের অভিযোগ সত্য নয়।’

এর আগে গত ২৫ জুন এক তরুণ ও ১৪ বছরের এক কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে সালিস বৈঠকে বসে শাহিন হাওলাদার নিজেই মেয়েটিকে বিয়ে করে বসেন। অবশ্য পরের দিনই ওই কিশোরী চেয়ারম্যানকে তালাক দেয়। এ ঘটনায় হাইকোর্ট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।