ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুসের বিরুদ্ধের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে দিরাই শহরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় লোকজন। তাড়াল ইউনিয়নবাসীর ব্যানারে শহরের থানা পয়েন্টে এই মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন তাড়াল ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য শেখ ফরিদ, রাশেদ মিয়া ও শফিকুর রহমান চৌধুরী, সাবেক ইউপি সদস্য কবির মিয়া, স্থানীয় বাসিন্দা সেনু বেগম, খোদেজা বেগম, আছমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, আবদুল কুদ্দুস নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন। নিয়মিত পরিষদের সভা করেন না। সদস্যদের সম্মানী ভাতা দেন না। চেয়ারম্যান পৌর শহরের নিজ বাসায় বসে অফিস করেন, ইউনিয়ন পরিষদে যান না। ফলে সাধারণ মানুষ তাঁকে কাছে পায় না। মানববন্ধনে অভিযোগ করা হয, ২০১৬-২০১৭ অর্থবছর থেকে আজ পর্যন্ত পরিষদের ট্যাক্স, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং কর ইত্যাদি থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবদুল কদ্দুস বলেন, ‘পরিষদের সব কাজ নিয়ম অনুযায়ী চলছে। আমি সব সময় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে। দু-একজন সদস্যসহ একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অনিয়ম-দুর্নীতি করি না।’