ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন ১০ ইউপি সদস্য। গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা ওই দাবি জানান।

গতকাল দুপুর ১২টায় ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ৩১ মার্চ ইউপি নির্বাচন হয়। এতে বিএনপি প্রার্থী মো. নাজির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২২ এপ্রিল শপথ গ্রহণের পর পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে তিনি পরিষদে কোনো মাসিক বা অন্য কোনো সভার আয়োজন করেননি। নাজির হোসেন সরকারি বরাদ্দ নিজের ইচ্ছেমতো বিলি-বণ্টন করছেন। সদস্যদের মতামতের তোয়াক্কা করছেন না। আমরা নির্বাচিত প্রতিনিধি হয়েও কিছু জানতে পারছি না। চেয়ারম্যান ইউপির নিয়ম অনুযায়ী বাড়ির ট্যাক্স, ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ, মোকদ্দমা ফি, ওয়ারিশ সনদ ফি ও পরিচয়পত্র ফি বাবদ স্থানীয় সরকার কর্তৃক নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা আদায় করছেন, যার কোনো হিসাব দেন না। চেয়ারম্যান সমুদয় টাকা ব্যাংকে জমা না করে নিজেই পকেটস্থ করছেন।

‘বিএনপির দলীয় চেয়ারম্যান হওয়ার কারণে নাজির কেবল তাঁর দলীয় লোকজনের মধ্যেই ভিজিএফ/ভিজিডি কার্ড বিতরণ করেন। গত দুটি ঈদে তিনি চাল বিতরণে ব্যাপক অনিয়ম করেছেন।’

সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ অবস্থায় চেয়ারম্যান পদে তাঁর বহাল থাকা নিয়েও কৌতূহল রয়েছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে নাজিরকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে বিচারের দাবি করেন ওই ইউপি সদস্যরা।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মো. খলিলুর রহমান, গোলাম মোস্তফা, এমাজ উদ্দীন মণ্ডল, সামসুন্নাহার বেগম, মইনুল ইসলাম, খলিলুর রহমান, পারুল বেগম ও রাহেনা বেগম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ভাই, আমি বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান। বর্তমান সরকারের আমলে অনিয়ম বা দুর্নীতি করার সুযোগ নেই। ইউপি সদস্যরা বেশির ভাগ আওয়ামী লীগ করেন। আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আমি কোনো অনিয়ম করব না। আমার বিরুদ্ধে তদন্ত করে অনিয়মের প্রমাণ পেলে যে সাজা হবে, তা মেনে নেব।’