ইউপি চেয়ারম্যানের বাড়িতে কাদের মির্জার অনুসারীদের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বাড়িতে হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘরের জানালা। গতকাল শনিবার রাতে।
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মির্জার অনুসারীরা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

অন্ধকারে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের পরিবারের তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি অবিস্ফোরিত ককটেল, তিনটি চকলেট বোমা ও একটি শটগানের ব্যবহৃত কার্তুজ উদ্ধার করে।

আহত ছয়জন হলেন চেয়ারম্যান আবদুর রাজ্জাকের স্ত্রী বিবি রহিমা খাতুন (৩৬), ছেলে মো. রাজীব (২২), বোন পারুল আক্তার (৪০) ও জয়গুণ বিবি (৫০), ভাতিজা ইমরান হোসেন (২৮), গৃহকর্মী রিপা আক্তার (২৭)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

চর এলাহী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, তিনি নিরাপত্তাজনিত কারণে এলাকার বাইরে অবস্থান করছেন। তাঁর অভিযোগ, গতকাল রাত পৌনে ১১টার দিকে কাদের মির্জার অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণির পক্ষের ২৫ থেকে ৩০ জন তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তিন থেকে চারটি গুলি ছোড়ে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা এ সময় তাঁর বসতঘরের টিনের বেড়া ও জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

প্রসঙ্গত, আবদুর রাজ্জাক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী।

তবে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি। তিনি দাবি করেন, এটি সাজানো নাটক। যখন হামলার ঘটনা ঘটে বলে প্রচার করা হচ্ছে, তখন তিনি বসুরহাটে ছিলেন। তাঁর কোনো লোক চেয়ারম্যান রাজ্জাকের বাড়িতে হামলা করেননি।

হামলার পর পুলিশের উদ্ধার করা অবিস্ফোরিত ককটেল ও কার্তুজ। গতকাল শনিবার রাতে।
ছবি: প্রথম আলো

ঘটনাস্থল পরিদর্শন করা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন। ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল, তিনটি চকলেট বোমা ও একটি শটগানের ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের বাড়িতে হামলার খবর শোনার পর দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পাঠানোর কিছুক্ষণ পরই আবদুল গণি থানায় এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।