ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কিশোরকে রড দিয়ে পেটানোর অভিযোগ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর সিকদারের বিরুদ্ধে এক কিশোরকে লোহার রোড দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরের নাম তাজমুল হোসেন (১৪)।
সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তাজমুলের বাবা আবদুল করিম। তাঁর বাড়ি উপজেলার বাউমহল গ্রামে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে আবদুল করিম বলেন, স্থানীয় শেওতা বাজারে তাঁর একটি চায়ের দোকান আছে। চেয়ারম্যান আলমগীর সিকদার দোকানের জায়গা সরকারি দাবি করে ১০ অক্টোবর বাজারে এসে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানান তিনি। পরে গত ২৩ নভেম্বর চেয়ারম্যান ও তাঁর ভাই স্থানীয় চৌকিদার-দফাদার তাজমুলকে ধরে নিয়ে যান। এরপর ইউনিয়ন পরিষদে নিয়ে নবম শ্রেণিপড়ুয়া তাঁর ছেলেকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। এতে তাঁর ছেলের পায়ের তলা ফেটে গেছে। হাত–পায়ের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছেলেকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা করানো হলেও তাজমুল এখনো ঠিকমতো হাঁটতে পারছে না। এ ঘটনায় নলছিটি থানায় মামলা করতে তিনি ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত ঝালকাঠির আদালতে গিয়ে চেয়ারম্যান আলমগীর সিকদারসহ আটজনের নামে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা করেন। আদালতের নির্দেশে মামলটি বর্তমানে বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলমগীর সিকদার বলেন, তাজমুল মা–বাবার অবাধ্য সন্তান। সে মা–বাবাকে মারধর করে, করিমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে চৌকিদারের মাধ্যমে ডেকে এনে শাসানো হয়েছে। চাঁদা দাবি ও নির্যাতনের অভিযোগ সত্য নয়। তারপরও বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।