ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল বহরে ট্রাকচাপায় তরুণ নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাকচাপায় নিহত রেজাউল
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় রেজাউল (২৫) নামে মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন একই উপজেলার চণ্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)। তাঁরা সবাই ভূঞাপুরের গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দের শপথ গ্রহণ শেষে মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় ফিরছিলেন।

পুলিশ জানায়, সকালে চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ জেলা প্রশাসক মো. আতাউল গনির কাছে শপথ গ্রহণ করেন। শপথ শেষে মোটরসাইকেল বহর নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন শাহ্‌ আলম। তাঁদের বহরটি পৌলী আলিফ স্টিল মিলস্ এলাকায় পৌঁছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ট্রাম ট্রাক পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির ওপর তুলে দেয়। এ সময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার ফাঁড়িতে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।