ইউপি নির্বাচন অতীতের চেয়ে অনেক বেশি সুষ্ঠু হয়েছে: কাদের মির্জা
সারা দেশে কয়েক ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অতীতের অন্য সব সময়ের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের নির্বাচনব্যবস্থার যে ধ্বংস করেছিলেন, তার উন্নতি করতে শেখ হাসিনার সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এর প্রমাণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন।
গতকাল শুক্রবার বিকেল চারটায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কাদের মির্জা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেন, নোয়াখালীতেও সব ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। শুধু কোম্পানীগঞ্জের পাঁচটি ও কবিরহাট উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হয়নি। এই আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অপরাজনীতির হোতা একরাম চৌধুরীর অঙ্কিত ছক অনুযায়ী।
ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জে প্রশাসন স্লোগান দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করে বসুরহাট পৌরসভার এই মেয়র বলেন, চর পার্বতীতে ফেনীর নিজাম হাজারীর সন্ত্রাসী বাহিনী এসে ব্যালট চুরি করে সিল মেরে বাক্স ভরে দিয়ে গেছে। এসপি সেই ভোট গণনা করে ফল ঘোষণা করেছেন।
আবদুল কাদের মির্জা প্রশ্ন রেখে বলেন, নিজাম হাজারী কেন বারবার এই এলাকায় সন্ত্রাসী বাহিনী পাঠান? এই এলাকার কি কোনো অভিভাবক নেই? নিজাম হাজারীকে কে সাহস দিয়েছেন?