ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় আ.লীগের দুই নেতা বহিষ্কার
আওয়ামী লীগের প্রার্থীর বিরোধিতা করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাতাব উদ্দিন (জেবুল) ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এম কবির উদ্দিন। মাতাব লক্ষ্মীপাশা ইউপিতে ও কবির শরীফগঞ্জ ইউপিতে নির্বাচন করছেন।
শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ায় গোলাপগঞ্জের দুজনকে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। যদি কোনো নেতা-কর্মী বহিষ্কৃতদের পক্ষে প্রচারণায় অংশ নেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে লক্ষ্মীপাশা ও শরীফগঞ্জ ইউপিও রয়েছে।