ইউপি নির্বাচনে সহিংসতার জন্য অস্ত্র ও বোমা সরবরাহের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য অস্ত্র ও বোমা সরবরাহ করার অভিযোগে আটক বাবুল হাওলাদার। আজ শুক্রবার র‌্যাব–৮–এর বরিশাল কার্যালয়ে
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য গানপাউডার, বোমা ও আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগে বাবুল হাওলাদার (৪৫) ওরফে বোমা বাবুল নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার ভোরে বরিশাল নদীবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক বাবুল হাওলাদারের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি গ্রামে। শুক্রবার দুপুরে র‌্যাব-৮ বরিশাল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে অস্ত্র এবং বোমা সরবরাহ করতেন এই  বাবুল। সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা বিভাগ এই তথ্য জানার পর বাবুলের বিষয়ে খোঁজখবর নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়। এর ভিত্তিতে বাবুলকে আটক করার জন্য র‌্যাব ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালায়।

র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শুক্রবার ভোরে বরিশাল নদীবন্দর এলাকায় অভিযান চালান এবং বাবুলকে  আটক করতে সক্ষম হন।

এ সময় বাবুল হাওলাদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪টি গুলি, ৩টি বোমা, বোমা তৈরির কাজে ব্যবহৃত ৮০০ গ্রাম গানপাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন কালারের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাচের টুকরা, অস্ত্র-বোমা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিমকার্ডসহ একটি মুঠোফোন, ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম আরও বলেন, আটকের পর বাবুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। এ ছাড়া ইউপি নির্বাচনে নাশকতা সৃষ্টির জন্য তিনি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের কাছে চাহিদা অনুযায়ী শক্তিশালী হাতবোমা তৈরি করে সরবরাহ করেন। একই সঙ্গে তিনি বোমা তৈরির জন্য গানপাউডারও সরবরাহ করেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় অস্ত্র এবং বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে।