ইউপি ভবনে কিন্ডারগার্টেন
ভবনের সামনে কথা-মণি নামের একটি কিন্ডারগার্টেনের ব্যানার টানানো। ভবনের তৃতীয় তলার বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে ভর্তি কার্যক্রমের তথ্যসংবলিত আরও দুটি ব্যানার। ওই তলার দুটি কক্ষে শিশুদের পাঠদান করা হচ্ছে। এ চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ভবনের তিন তলার উত্তর পাশের দুটি কক্ষে ১০-১২ জন করে শিক্ষার্থী। ক্লাস নিচ্ছেন দুজন। তাঁদের একজন হলেন মো. ফয়েজ উদ্দিন। তিনি হলেন কিন্ডারগার্টেনটির পরিচালক কাম শিক্ষক।
ফয়েজ উদ্দিন বলেন, তিন-চার মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের অনুমতি নিয়ে ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম শুরু হয়েছে। প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ফয়েজ উদ্দিন বাউফলের একটি মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকার একটি কলেজে পড়াশোনা করেছেন। একসময় তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম চালাচ্ছেন। এ বিষয়ে আপত্তি জানালেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে জানতে গত শুক্রবার ইব্রাহিম ফারুকের মুঠোফোনে কল দিলে তিনি ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়ার কথা স্বীকার করেন। ইউপি ভবনে এ ধরনের কার্যক্রম চালানো বৈধ কি না—এমন প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম চলতে পারে না। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’