ইউপি সদস্য হয়েও মাটি কাটার কাজ ছাড়েননি ববিতা

পাবনার চাটমোহরের মুলগ্রাম ইউপির সংরক্ষিত নারী সদস্য ববিতা খাতুন মাটি কাটার কাজ করেন। গত বুধবার উপজেলার মুলগ্রাম ইউনিয়নে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে বহু ঘাত–প্রতিঘাত সয়েছেন ববিতা খাতুন (৩৫)। এক বছর বয়সী ছেলেকে রেখে চলে গিয়েছিলেন স্বামী। সেই ছেলেকে বড় করতে কাজের সন্ধানে ঘুরেছেন মানুষের দ্বারে দ্বারে। শেষ পর্যন্ত মাটি কাটা শ্রমিকের কাজ করে ছেলেকে মানুষ করেছেন। বিয়েও দিয়েছেন তাঁকে। এবার তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তবে ইউপি সদস্য হলেও শ্রমিকের কাজটি ছাড়েননি ববিতা।

সংগ্রামী এই নারীর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামে। তিনি মুলগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। তাঁকে নিয়ে গর্ব করছেন গ্রামের বাসিন্দারা।

ববিতা জানান, পরিবারে তেমন কেউ নেই। ছেলে, ছেলের বউ আর বড় বোনকে নিয়ে তাঁর সংসার। ছোট থাকতেই তাঁর বিয়ে হয়। তাই খুব বেশি পড়ালেখা করতে পারেননি। এরপর সংসারে আসে এক ছেলে। ছেলের বয়স যখন মাত্র এক, তখন স্বামী তাঁকে ছেড়ে চলে যান। বিয়ে করেন অন্যত্র। এরপর স্বামীর সঙ্গে আর যোগাযোগ হয়নি। ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। ছেলের মুখে খাবার তুলে দিতে কাজ খুঁজতে থাকেন। একসময় গ্রামে চা বিক্রি করেছেন। এরপর পরিচিত এক আত্মীয়ের বদলি শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ শুরু করেন। সেই থেকে তিনি মাটি কাটা শ্রমিকের কাজ করছেন। এ কাজে তিনি প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা পান।

ববিতার ছেলে আশিক হোসেনের বয়স এখন ১৯। পেশায় অটোভ্যানচালক। এক বছর আগে ছেলেকে বিয়ে দিয়েছেন ববিতা। এখন আশিকও কিছু রোজগার করছেন। তবে নির্বাচন করতে গিয়ে প্রায় এক লাখ টাকা দেনা হয়ে গেছে ববিতার। ঋণ নিয়েছেন একটি বেসরকারি সংস্থা থেকে। ঋণের কিস্তি পরিশোধ করতে ইউপি সদস্য হয়েও মাটি কাটা শ্রমিকের কাজটি ছাড়তে পারেননি।

বুধবার দুপুরে ববিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা দুটি টিনের ঘর, পাশেই একটি রান্নাঘর। বাড়িতে ঢুকতেই ববিতার ছেলের বউ ছুটে এলেন। ববিতার খোঁজ করতেই বললেন, ‘মা কিস্তি দিতে গেছেন।’ পরে রেল বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে গিয়ে কথা হয় ববিতা খাতুনের সঙ্গে।

নির্বাচন করার কারণ জানতে চাইলে ববিতা খাতুন বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে তাঁর মা হেরে গিয়েছিলেন। এর এক বছর পর তাঁর মা মারা গেলে তিনি নির্বাচনে জেতার প্রতিজ্ঞা করেন। সেভাবেই ২০১৬ সালের নির্বাচনে অংশ নেন তিনি। কিন্ত মাত্র ১৫ ভোটের জন্য হেরে যান। তবে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

ববিতা একজন সংগ্রামী নারী। তিনি অনেক পরিশ্রমী। সদস্য নির্বাচিত হওয়ার পরও নিজের কাজ ছাড়েননি। ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে সুযোগ দেওয়া হচ্ছে। কাজ শেষে তিনি নিয়মিত পরিষদেও যাচ্ছেন।

মুলগ্রাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হামিদ জানান, ববিতা একজন সংগ্রামী নারী। তিনি অনেক পরিশ্রমী। সদস্য নির্বাচিত হওয়ার পরও নিজের কাজ ছাড়েননি। ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে সুযোগ দেওয়া হচ্ছে। কাজ শেষে তিনি নিয়মিত পরিষদেও যাচ্ছেন।

ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ববিতা বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি গর্ব করার মতো একজন মানুষ। নির্বাচিত হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে তাঁকে মাটি কাটা শ্রমিকের কাজ বাদ দিতে বলেছিলাম। কিন্তু তিনি তাঁর কাজকে সম্মান দিয়ে বাদ দেননি। আমরা তাঁকে সর্বাত্মক সহযোগিতা করছি।’