ইউপি সদস্যের সমর্থকদের হামলায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের এক সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় জাকির হোসেন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
জাকির হোসেন জাইগুলি গ্রামের বাসিন্দা এবং অনলাইন টেলিভিশন জাকির লাইভ টিভি নামে তিনি একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন। হামলার ঘণ্টাখানেক আগে তিনি নিজের অনলাইন টেলিভিশনে জাইগুলি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ভোটের চিত্র লাইভ করেছিলেন। সেখানে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খানেরও সাক্ষাৎকার প্রচার করা হয়।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে আজ উপজেলার রামেশ্বরপুর ইউপিতে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়েছেন শেখ সাইদুল ইসলাম ও ফেরদৌস রহমান। জাকির সকাল থেকেই জাইগুলি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র থেকে লাইভ করেছিলেন। জাকির হোসেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ সাইদুল ইসলামের সমর্থক, এমন অভিযোগ তুলে ফেরদৌসের সমর্থকেরা হামলা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে ফেরদৌস রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, হাসপাতালে আনার আগেই জাকির হোসেন মারা যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটেছে। জাকিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।