ইউপির জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের জমি দখল করে চলে ঘর নির্মাণের কাজ।
ছবি: প্রথম আলো

নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদের (ইউপি) জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাড়ির কাজ বন্ধ হয়।

এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউপির নামে ১ একর ৩২ শতক জায়গা আছে। ওই জমি ১৯৬৩ সালে তৎকালীন ইউনিয়ন কাউন্সিলকে দান করেন গিয়াস উদ্দিন পাঠান। সম্প্রতি সেখানকার ৩২ শতক জায়গা নিজেদের দাবি করেন গিয়াসের ছেলে শাহিন পাঠান। সোমবার সকালে শাহিন বেশ কয়েকজন শ্রমিক দিয়ে ওই জমিতে থাকা পরিত্যক্ত ভবন ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। ইউপির লোকজন এ কাজে বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার কাছে লিখিত অভিযোগ দেন।

চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, জায়গাটা ইউপির। এ–সংক্রান্ত দলিলও রয়েছে। তবু সেটির দখল নেওয়ার চেষ্টা করছেন শাহিন পাঠান। পরে বিষয়টি থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহিন পাঠান বলেন, ‘এসব সম্পত্তি আমাদের। ইউপি কর্তৃপক্ষ অহেতুক বাধা দিচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জমির কাগজপত্র আমার হাতে নেই। তবে সংগ্রহ করা হবে।’

ইউএনও সোহেল রানা বলেন, তিনি ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ পাঠান। তাঁরা গিয়ে নতুন ঘরের কাজ বন্ধ করে দিয়েছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।