ইউপির ‘সমাজকল্যাণ কার্যালয়ে’ তালা ঝুলিয়ে আ.লীগের সাইনবোর্ড
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওতাধীন একটি টিনশেড ভবন দখলের ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচনে পরাজিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আনোয়ার হোসেন মৃধা কার্যালয়টি তালাবদ্ধ করে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
‘সমাজকল্যাণ কার্যালয়’ নামের ভবনটি দখলমুক্ত করতে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান রোববার দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন। কার্যালয়টি ইউনিয়নের আদমপুর বাজারে অবস্থিত।
ইউপি চেয়ারম্যানের আবেদনে বলা হয়, ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ১৯৮৯ সালে স্থানীয় ১৪ জন ব্যক্তি দানপত্র দলিল মূলে ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যানের অনুকূলে ৬ শতাংশ জমি দান করেন। পরবর্তীকালে এলজিইডির অর্থায়নে একটি টিনশেড ভবন নির্মাণ করা হয় সেখানে। সেই থেকে ইউনিয়নের চেয়ারম্যানগণ ওই কার্যালয়ে ইউনিয়নের তিনটি ওয়ার্ডের জনগণকে সেবা দিয়ে আসছিলেন। বিগত দিনেও সমাজকল্যাণ কার্যালয়ের নামে ওই ভবনের অনুকূলে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল, গত অর্থবছরে সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ পায় সমাজকল্যাণ কার্যালয়টি।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মৃধা দলীয় সমর্থন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়। কিন্তু তিনি পরাজিত হওয়ার পরেই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী নিয়ে সমাজকল্যাণ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙিয়ে কার্যালয়টি তালাবদ্ধ করে রাখেন। এই অবস্থায় ইউনিয়নের তিনটি ওয়ার্ডের উপকারভোগীরা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন।
ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ওই সময়ে ইউপি কার্যালয় থেকে সেবা পেতে জনগণকে আট কিলোমিটার গ্রামীণ পথ ধরে হেঁটে অথবা নৌকায় যেত হতো। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ থেকে উদ্যোগ নিয়ে আদমপুর বাজারে ওই কার্যালয় করার উদ্যোগ নেওয়া হয়। নামকরণ করা হয় সমাজকল্যাণ কার্যালয়। সেই থেকে ইউপি চেয়ারম্যান যিনিই ছিলেন, তিনি ওই কার্যালয়ে থেকে তিনটি ওয়ার্ডের জনগণের সেবা দিয়ে আসছিলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার মৃধা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, ওই কার্যালয় দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দলীয় কর্মসূচিসহ নির্বাচনী প্রচারণার কাজেও কার্যালয়টি ব্যবহৃত হয়ে আসছিল। এখনো দলীয় কার্যালয় হিসেবেই রয়েছে বলে শুনেছেন। তবে তালাবদ্ধ কিংবা দলীয় সাইনবোর্ড টাঙানোর ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে হেয়প্রতিপন্ন করতে নির্বাচিত হয়েই বর্তমান চেয়ারম্যান মিথ্যা অভিযোগ তুলছেন।
দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বলেন, ‘বিগত দিনে ওখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। আমরা জানি, কার্যালয়টি দলীয়।’
তবে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে কার্যালয়টি ইউপি কার্যালয়ের অধীনে। উপজেলা পরিষদ থেকেও কার্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এখন যদি কেউ দলীয় কার্যালয় দাবি করে, তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর দায়ভারও তাঁকেই নিতে হবে। বিতর্কিত কোনো কাজই দল সমর্থন করবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন প্রথম আলোকে বলেন, সমাজকল্যাণ কার্যালয় দখলের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।