কুমিল্লায় ইকবাল নামের যে ব্যক্তি হনুমান মূর্তির পায়ের কাছে পবিত্র কোরআন রেখেছেন, তাঁর পেছনে আরও লোক জড়িত বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ওই ব্যক্তি কারও দ্বারা ফরমায়েশি কাজ করেছেন। কারা এর পেছনে রয়েছেন, খুব শিগগির তা বের হবে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এই যুবককে কারা প্ররোচনা দিয়েছে, অর্থ দিয়েছে, লুকিয়ে রাখার জন্য কারা কক্সবাজারে পাঠিয়েছে—তা বের করা হচ্ছে।
সাম্প্রদায়িক হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে তথ্যমন্ত্রী বলেন, এটা খুব স্পষ্ট যে এটা কারা করেছে। সাম্প্রদায়িকতা নিয়ে এই দেশে বিএনপি-জামায়াত রাজনীতি করে। ধর্মান্ধ উগ্র গোষ্ঠী রাজনীতি করে। তারাই এই কাজ করেছে। প্রথমে বলা হলো হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোক এটা করেছে। এই দেশে কোনো ধর্মপ্রাণ মানুষ এটা করতে পারে না। পরে দেখা গেল একজন মুসলমান কোরআন সেখানে রেখে এসেছেন। যাঁরা এটা ওই ব্যক্তিকে দিয়ে করিয়েছেন, তাঁরা ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।
সাম্প্রদায়িক হামলার পরিকল্পনা লন্ডনে বসে হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী আরও বলেন, এই সাম্প্রদায়িক গোষ্ঠী একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে। বিএনপি দীর্ঘ প্রায় এক মাস বৈঠক করেছে। এই বৈঠকে ষড়যন্ত্র করা হয়েছে। তারই অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক বিনষ্ট করা। ঘটনার পর সরকার যে কার্যক্রম করেছে, সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেটি আজকে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। এমনকি ভারতের পত্রপত্রিকায়ও তার প্রশংসা করা হয়েছে।
সাম্প্রদায়িক হামলার পর সরকারের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করেছে বহির্বিশ্ব দাবি করে তথ্যমন্ত্রী বলেন, সরকার এই ঘটনার পর ১০২টি মামলা করেছে এবং ৭০০ জনের মতো দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কঠোর হস্তে সরকার এটি দমন করেছে।
রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দেওয়া সৈকত মণ্ডল ছাত্রলীগের কেউ না বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমদু বলেন, রংপুর মহানগর ছাত্রলীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে পীরগঞ্জের ঘটনায়। দেখা গেছে, ২০১৭ সালে কারমাইকেল কলেজের দর্শন বিভাগ ছাত্রলীগের কমিটিতে সৈকতকে ১ নম্বর সহসভাপতি করা হয়েছিল। তাঁর নানা অপকর্মের আগে তাঁকে তখনই ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে। সৈকত একজন অনুপ্রবেশকারী ছিলেন। যাঁকে আগেই ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে, সে যখন কোনো অপকর্ম করে, সেই দায় কোনোভাবেই ছাত্রলীগের ওপর দেওয়া যায় না। সৈকত ছাত্রলীগের কেউ নন। কেউ যেন তাই ছাত্রলীগের বিরুদ্ধে বিরোপ অপপ্রচার না চালায় তার আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ আরও বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে সব সময় একটা বিরোপ প্রচার-প্রচারণা চালানো হয়। সব সময় দুরবিন দিয়ে দেখা হয়, ছাত্রলীগের কোনো গন্ধ পাওয়া যায় কি না। পীরগঞ্জের ঘটনায়ও দুরবিন দিয়ে গন্ধ পাওয়ার একটা চেষ্টা করা হয়েছে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন প্রমুখ।
সকালে রাজশাহীতে নেমে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রাজশাহী টেলিভিশনের উপকেন্দ্র পরিদর্শন করেন। রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাছান মাহমুদ পরে ব্রিফিংয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনের আগেই রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র চালু হবে।