বড় শহর—১৪: পাবনা
ইছামতী মরে গেছে, ‘জলভরা দীঘি’ও নেই
স্বাধীনতার ৫০ বছরে রাজধানী ঢাকা যেমন বড় হয়েছে, তেমনি সম্প্রসারিত হয়েছে দেশের পুরোনো শহরগুলোও। বড় শহরের পরিবর্তন ও বাসযোগ্যতা নিয়ে ধারাবাহিক আয়োজনে এবার পাবনা।
একদিকে পদ্মা, অন্যদিকে যমুনা। মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতী। এই নদীর দুই তীরজুড়ে গড়ে ওঠা প্রাচীন জনপদ পাবনা। প্রবীণ ব্যক্তিদের মতে, এ শহরের বাসিন্দারা খুব আন্তরিক-সংস্কৃতিমনা। ধর্মীয় সম্প্রীতি আছে মানুষে মানুষে। একসময় পাড়ায় পাড়ায় খেলাধুলা ও সংস্কৃতির চর্চা হতো। বাড়িতে বাড়িতে ছিল ফুলের বাগান। তাই হয়তো এ ভূমির সন্তান কবি বন্দে আলী মিয়া ‘আমাদের গ্রাম’ কবিতায় লিখেছিলেন—
‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।’
প্রবীণ ব্যক্তিরা বলছেন, কবির দেখা ছোট গ্রাম এখন আর ছোট নেই, হয়েছে বড় শহর। হোসিয়ারি শিল্পখ্যাত শহরটি পরিণত হয়েছে শিক্ষানগরে। তবে কবির দেখা, ‘মাঠ ভরা ধান তার জল ভরা দীঘি’ আর নেই। ষাটের দশকে যে শহরে মাত্র একটি চারতলা ভবন ছিল, সে শহর এখন শত শত ভবনে ছেয়ে গেছে। শহরে ৬ থেকে ১৫ তলা ভবনই আছে ২ শতাধিক। পুকুরগুলো ভরাট করে তৈরি করা হয়েছে বাড়ি। খেলার মাঠ ফুঁড়ে দাঁড়িয়েছে বিশালকায় সব ইমারত। দখল-দূষণে মরা খালে পরিণত হয়েছে ইছামতী। একটু বৃষ্টিতেই
হচ্ছে জলাবদ্ধতা। নেই কোনো পার্ক। প্রতিদিন যানজটে নাকাল শহরবাসী। এরপরও এ শহরে শান্তির পরশ আছে বলে মনে করেন স্থানীয় লোকজন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের নগর উন্নয়ন কমিটির সদস্য মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, শহরের মূল সমস্যা অপরিকল্পিত নগরায়ণ। পর্যাপ্ত খেলার মাঠ, শিশুপার্ক ও অবকাশযাপনের স্থান নেই। এতে শহর ঘিঞ্জি হচ্ছে, যানজট ও অগ্নিঝুঁকি বাড়ছে এবং ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
যেভাবে পাবনা
গঙ্গার ‘পবনী’ নামের পূর্বগামিনী ধারা থেকে ‘পাবনা’ নামের উৎপত্তি—জেলা প্রশাসনের ওয়েবসাইটে এমনটিই লেখা। আবার জনশ্রুতি আছে, এ এলাকায় ‘পবন’ নামে এক দস্যু ছিল। তার নাম থেকেই এসেছে পাবনা। তবে ঐতিহাসিকদের মতে, খ্রিষ্টীয় একাদশ শতকে পাল নৃপতি রামপালের শাসনকালে প্রথম ‘পাদুম্বা’ জনপদের সাক্ষাৎ মেলে। এ ছাড়া গঙ্গার উত্তর দিকে পুণ্ড্রবর্ধনের জনপদ ছিল। এই পাদুম্বা অথবা পুণ্ড্রবর্ধন বিভিন্নভাবে উচ্চারিত হতে হতে পাবনা হয়েছে।
তবে নাম যেভাবেই আসুক, এ শহর শত বছরের ঐতিহ্যে মোড়া। জেলা হিসেবে পাবনার প্রতিষ্ঠা ১৮১৮ সালের ১৬ অক্টোবর। ১৮৭৬ সালে পাবনা পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। পৌরসভার আয়তন ২৭ দশমিক ২০ বর্গকিলোমিটার। বর্তমান লোকসংখ্যা ২ লাখ ২০ হাজার (২০১৯ সালের হিসাব)। লোকসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে শহরটিতে বেড়েছে বহু স্থাপনা।
যানজটে নাকাল
পাবনাকে বলা হয় এক সড়কের শহর। মূলত মধ্যশহরের আবদুল হামিদ সড়ক ঘিরেই শহরের মূল কাঠামো তৈরি হয়েছে। আর এ সড়কই এখন যানজটের কেন্দ্র। নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন বৃদ্ধি, পার্কিং–ব্যবস্থা ছাড়াই বড় বড় ইমারত তৈরি ও ফুটপাত দখল—এই তিন কারণে যানজট তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
পাবনা পৌরসভা সূত্র জানায়, ছোট্ট এ শহরে পৌরসভার লাইসেন্সধারী রিকশা রয়েছে প্রায় নয় হাজার। এর বাইরে লাইসেন্সবিহীন রিকশা আছে আরও প্রায় ছয় হাজার। গত কয়েক বছরে নতুন করে যোগ হয়েছে সিএনজি ও ব্যাটারিচালিত ১০ হাজারের মতো অটোরিকশা। এ ছাড়া বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে আরও প্রায় ১০ হাজার।
জেলা পুলিশের ট্রাফিক শাখার শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) আবু হেনা মোস্তাফা নোমান জানান, পর্যাপ্ত পার্কিং–ব্যবস্থা না থাকা, ব্যস্ত সড়কের ফুটপাত দখল এবং ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন বেড়ে যাওয়ায় যানজট তৈরি হচ্ছে।
ইছামতী মরে গেছে
শহরের মাঝখান দিয়ে প্রবাহিত ইছামতী নদীকে বলা হতো পাবনার প্রাণ। শোনা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ থেকে বহুবার পানসি ভাসিয়ে ইছামতীতে ঘুরেছেন। ইছামতীকে কেন্দ্র করেই প্রসারিত হয়েছে জেলার ব্যবসা–বাণিজ্য। স্বাধীনতার আগ পর্যন্ত নদীটির প্রাণ ছিল। এরপর দিনে দিনে নদীর দুই পাড় দখল হতে শুরু করে। উৎসমুখ আটকে বন্ধ হয়ে যায় পানিপ্রবাহ। এখন নদীটি মরা খালে পরিণত হয়েছে। জমেছে ময়লা–আবর্জনার স্তূপ। বাড়ছে মশার উপদ্রব, দূষিত হচ্ছে শহরের বাতাস।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদীটির দখলদার উচ্ছেদ ও খননের দাবিতে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে নদীর দখলদার উচ্ছেদের জন্য ২ কোটি ৭৯ লাখ ও খননের জন্য ৫ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ আসে। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর নদীর উৎসমুখ থেকে লাইব্রেরি বাজার সেতু পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে খননকাজ শুরু করা হয়। এ সময় পুরো নদীর ৫ শতাংশ এলাকায় উচ্ছেদ ও ১৮ শতাংশের খননকাজ করা হয়। পরে আইনি জটিলতায় আবারও উচ্ছেদ ও খননকাজ বন্ধ হয়ে যায়।
ইছামতী নদী উদ্ধার আন্দোলন কমিটির সভাপতি এস এম মাহবুব আলম জানান, ইছামতী নদীর দখলদার উচ্ছেদ ও খননকাজ এখন শহরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
জলাবদ্ধতার যন্ত্রণা
জলাবদ্ধতা পাবনা শহরে এখন বড় সমস্যা। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা পানিতে ডুবে থাকে। অনেক এলাকায় রাস্তা ডুবে বাড়িতে পানি ওঠে, দোকানপাট পর্যন্ত ডুবে যায়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, আগে বৃষ্টি হলে নালা দিয়ে মহল্লার পানি ইছামতী নদীতে পড়ত। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় কিছু বড় পুকুর ছিল। বৃষ্টির পানি এসব পুকুরে নেমে যেত। ফলে শহরে কখনো তেমন জলাবদ্ধতা হয়নি। দীর্ঘদিন মেরামত না করায় পানিনিষ্কাশনের অধিকাংশ নালা ভেঙে গেছে। নালাগুলোতে ময়লা-আবর্জনা আটকে থাকে। অন্যদিকে দখল ও দূষণে নাব্যতা হারিয়েছে ইছামতী নদী। ঠিকমতো পানিনিষ্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান জানান, তিনি নির্বাচিত হওয়ার পর জলাবদ্ধতাকেই গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। পৌর এলাকায় পানিনিষ্কাশনের জন্য প্রায় দেড় শ কিলোমিটার নালা রয়েছে। নিয়মিত এসব নালা পরিষ্কার করা হচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে আরও কিছু নালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো কাজের বাস্তবায়ন হলেই জলাবদ্ধতা দূর হবে বলে মনে করেন তিনি।
হোসিয়ারি পল্লি থেকে শিক্ষানগর
প্রায় ১২০ বছর আগে পাবনা শহরে ব্যবসা–বাণিজ্যের গোড়াপত্তন হয় হোসিয়ারি শিল্পের মাধ্যমে। ইতিহাস বলে, ব্রিটিশ সরকারের নির্যাতনে মানুষের মুখে খাবার তুলে দিতেই জমিদার রায়বাহাদুর ও জিতেন্দ্রনাথ কবিরাজের উদ্যোগে শহরের দিলালপুর মহল্লায় প্রথম এ শিল্পের যাত্রা শুরু। এরপর মাত্র ১০ বছরে শহরজুড়ে ৬০০টি হোসিয়ারি কারখানা তৈরি হয়। দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে এই শহরের হোসিয়ারি পণ্যের সুনাম। রপ্তানি হয় বিভিন্ন দেশে।
এখন শহরে সেই হোসিয়ারি পণ্য আর নেই। তবে এ শিল্পে এখন নতুন মাত্রা যোগ হয়েছে। নিজেদের তৈরি পণ্যের বদলে গার্মেন্টের ঝুট কাপড় দিয়ে নতুন হোসিয়ারি পণ্য তৈরি করা হচ্ছে। কর্মসংস্থান হয়েছে অন্তত ৪০ হাজার মানুষের। পাশাপাশি হোসিয়ারি শিল্পখ্যাত শহরটি বর্তমানে শিক্ষানগরে পরিণত হয়েছে। এ শহরে নতুন করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, হোমিওপ্যাথিক কলেজ, আলিয়া মাদ্রাসা, বাণিজ্যিক ইনস্টিটিউট এবং সরকারি-বেসরকারি স্কুল–কলেজসহ ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে।
স্বাস্থ্যে সংকট
গর্ব হচ্ছে, এ শহরে একটি মেডিকেল কলেজ আছে। আর দুঃখ হচ্ছে, মেডিকেল কলেজের নিজস্ব কোনো হাসপাতাল নেই। ২৫০ শয্যার একমাত্র জেনারেল হাসপাতালের ওপর নির্ভর করেই শহরবাসীকে স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে। সে হাসপাতালটিতেও রয়েছে চিকিৎসক, কর্মকর্তা, যন্ত্রপাতিসহ বিভিন্ন সংকট। অন্যদিকে বেসরকারিভাবে কিছু হাসপাতাল ও ক্লিনিক তৈরি হলেও সেখানে তেমন কোনো সেবা নেই। ফলে একটু সমস্যাতেই শহরবাসীকে ছুটতে হয় রাজশাহী ও ঢাকায়।
পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক আবু জাফর জানান, ২৫০ শয্যার হাসপাতালটিতে অধিকাংশ দিনই ৫০০ ছুঁই ছুঁই রোগী থাকে। এত রোগী সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়।
অন্যদিকে শহরতলির হিমাইতপুরে রয়েছে ৫০০ শয্যার ‘পাবনা মানসিক হাসপাতাল’। দেশের সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল এটি। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন নেই। রয়েছে নানা সংকট।
সাংস্কৃতিক ঐতিহ্য
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের দিলালপুর মহল্লায়। তিনি ওই বাড়িতে পরিবারের সঙ্গে বেড়ে ওঠেন। নবম শ্রেণিতে পড়া অবস্থায় কলকাতায় চলে যান।
বাড়িতে গানের আসর একসময় পাবনা শহরে রোজকার বিষয় ছিল। পাড়া-মহল্লার অনেক বাড়িতেই এমন আসর বসত। এই সংস্কৃতিকে উৎসাহ দিতেই ১৯২৪ সালে রায়বাহাদুর বনমালী রায় চৌধুরী বনমালী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। ইনস্টিটিউটটি এখন শিল্পকলা কেন্দ্র। শহরে ১৬টি নাট্য সংগঠনসহ প্রায় ১০০ সাংস্কৃতিক সংগঠন নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এখনো অধিকাংশ সংগঠনের নিজস্ব কার্যালয় নেই। রয়েছে অর্থ ও কর্মীর সংকট।
কাজের খোঁজ স্কয়ারে
শহরের ঐতিহ্য হোসিয়ারি শিল্প এখন ঝুটশিল্পে রূপ নিয়েছে। বহু আগেই বন্ধ হয়েছে ক্যালিকো কটন মিল। থেমে থেমে চলছে তাঁতকলের চাকা। এরপরও আশার আলো জ্বালিয়ে এ শহরকে জাগিয়ে রেখেছে দেশের খ্যাতনামা স্কয়ার গ্রুপ।
দেশবরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর হাতে গড়া স্কয়ারের জন্ম ও বেড়ে ওঠা পাবনাতেই। ১৯৬৮ সালে স্থাপিত প্রতিষ্ঠানটিতে প্রজন্মের পর প্রজন্মের কর্মসংস্থান হয়েছে। শহর এলাকাতেই প্রতিষ্ঠানের ১৪টি প্ল্যান্টে কাজ করছেন নারী-পুরুষ মিলে প্রায় ১২ হাজার কর্মী। এতে একদিকে হচ্ছে শহরের আর্থসামাজিক উন্নয়ন, অন্যদিকে নারীর ক্ষমতায়ন বাড়ছে।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, স্কয়ার পাবনা শহরে সামাজিক নিরাপত্তাবলয় তৈরি করেছে। নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে দক্ষ কর্মী তৈরি করছে।
স্বপ্ন দেখে মানুষ
অনেক ‘নেই’–এর আবর্তে এ শহরের মানুষ এখনো বেশ নিরাপদ জীবনযাপন করেন। মারামারি, হানাহানি তেমন নেই। রয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি। মানুষ স্বপ্ন দেখে সুন্দর ও সমৃদ্ধ পাবনা গড়ার। শহরে রেলস্টেশন ছিল না, স্টেশন হয়েছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হয়েছে। একদিন বড় হাসপাতাল হবে, ইছামতী খনন করা হবে, যানজটমুক্ত হবে পাবনা শহর—এমনটাই প্রত্যাশা শহরবাসীর।