ইজতেমাকে ঘিরে কোনো জঙ্গি হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ব ইজতেমাকে ঘিরে জঙ্গিগোষ্ঠীর কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী কার্যালয় চত্বরে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, বিশ্ব ইজতেমা সুন্দর হবে ও সফল হবে। এ জন্য সরকার সব সময় প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী সব সময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। কী সহযোগিতা করা যায় তার খোঁজখবর নিচ্ছেন।
বিশ্ব ইজতেমাকে ঘিরে কোনো জঙ্গি সংগঠনের হুমকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনীও সজাগ রয়েছে। যা কিছু হতে পারে বা হবে সবকিছু মাথায় নিয়েই কাজ করছি।’
তুরাগতীরে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।