ইজতেমায় আজ যৌতুকবিহীন বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর তুরাগতীরে ইজতেমাস্থলের আশপাশে মুসল্লিদের ভিড়। বাদ আসর আজ অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। আজ শনিবার সকালে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
টঙ্গীর তুরাগতীরে ইজতেমাস্থলের আশপাশে মুসল্লিদের ভিড়। বাদ আসর আজ অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। আজ শনিবার সকালে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে টঙ্গীর তুরাগতীর এখন ধর্ম নগরে পরিণত হয়েছে। আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে টুপি-পাঞ্জাবি পরা মানুষের ঢল। আজও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। বাদ আসর আজ ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল চলবে। এর মধ্যে ইজতেমা ময়দান ভরে গেছে। আগামীকাল হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।
বাদ আসর যৌতুকবিহীন বিয়ে: বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন আজ বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর। এরই মধ্যে শতাধিক দম্পতির নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মুরব্বি গিয়াস উদ্দিন।
ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা তৈরি করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের তাশকিলের কামরায় নিয়ে তালিকাভুক্ত করা হবে। পরে কাকরাইল মসজিদের তাবলিগি মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে এলাকা ভাগ করে তাঁদের দেশের বিভিন্ন এলাকায় তাবলিগি কাজে পাঠানো হবে।
টঙ্গীর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা তাহের আলীর ভাষ্য, বিশ্ব ইজতেমা উপল‌ক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষÿ থেকে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।

গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, আজ রাত থেকে আগামীকাল রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন বন্ধ থাকবে। তবে আখেরি মোনাজাতের দিন সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার জন্য ৪০টি শাটল বাস চলবে।