ইজতেমায় দেশ ও জাতির কল্যাণ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনা করে গতকাল শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামে তিন দিনের ইজতেমা শেষ হয়েছে। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা ফারুক হোসেন।

ওই ইজতেমার আয়োজন করে জেলা তাবলিগ জামাত। শেষ দিন কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠ ছিল ধর্মপ্রাণ মানুষে কানায় কানায় পূর্ণ। ইজতেমায় জেলার ধর্মপ্রাণ মুসুল্লিসহ দেশ-বিদেশের লক্ষাধিক মুসুল্লি অংশ নেন।

গত বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল পর্ব। ইজতেমায় বয়ান পরিচালনা করেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় সুরার সদস্য মাওলানা মো. মোশারফ হোসেন, মাওলানা মো. রবিউল ইসলাম, মাওলানা মো. আনিস ও মাওলানা মো. ওসামা।

এ ব্যাপারে তাবলিগ জামাতের কুড়িগ্রাম জেলার সুরা সদস্য আতাউর রহমান বলেন, ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমায় জায়গার সংকুলান না হওয়ায় কুড়িগ্রামসহ দেশের ৩২টি জেলায় প্রতিবছর ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।