ইজারা দেওয়া জমির দাম দিতে চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের কাস্টম ঘাট এলাকায় নৌযান মেরামত কারখানা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের জন্য যে জমি যানবাহন অধিদপ্তরকে ইজারা দেওয়া হয়েছে, সেখানে আগে থেকেই গড়ে উঠেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। তাই সেখানকার এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটি অন্যত্র সরিয়ে নিতে আন্দোলন করছেন। সরকারের কাছে তাঁদের দাবি, যে টাকায় ওই এলাকাটি ইজারা দেওয়া হয়েছে, সেই টাকা তাঁরা সম্মিলিতভাবে পরিশোধ করতে রাজি আছেন।

গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা এ দাবি করেন। দাবি না মানলে তাঁরা আমরণ অনশন করবেন বলেও হুমকি দিয়েছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই জমি ইজারা দেওয়ার আগে এলাকাবাসী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো আলোচনা করেননি জেলা প্রশাসক নাজমুল আহসান।

সংবাদ সম্মেলনে কাস্টম ঘাট ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, প্রকল্পটি গড়ে তোলার জন্য ভৈরব নদের তীরের রকি ডকইয়ার্ড থেকে উত্তর দিকের ৬০০ মিটার দৈর্ঘ্যের প্রায় তিন একর জায়গা ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় গড়ে উঠেছে বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র। ওই ব্যবসায়িক অঞ্চলকে কেন্দ্র করে ৩০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কোটি কোটি টাকা তাঁরা ওই ব্যবসায় বিনিয়োগ করেছেন। এই এলাকার একাংশে রয়েছে বস্তিবাসীর বসবাস। এ অবস্থায় এখন যদি ওই সব ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়, তাহলে তাঁদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

শহিদুল ইসলাম আরও বলেন, ভৈরব নদের পাড়ে অবস্থিত টুটপাড়া মৌজার এই জমির দাম রয়েছে ৫৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা। যানবাহন অধিদপ্তরের অনুকূলে দেওয়া ওই দলিল বাতিল করে ব্যবসায়ীদের দেওয়া হলে তাঁরা সমপরিমাণ টাকা পরিশোধ করবেন। এই টাকা সরকার অন্য কোনো উন্নয়ন প্রকল্পে ব্যয় করতে পারবে।

জানতে চাইলে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, এটি সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। তাই সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই।