ইজিবাইক সমিতির বাড়ানো ভাড়া স্থগিত করলেন রাজশাহীর মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজিবাইক
ফাইল ছবি

রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির ভাড়া বাড়ানোর প্রস্তাব বাতিল ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি করপোরেশনের অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান বলেন, নগরে চলাচলকারী অটোরিকশার (ইজিবাইক) ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজশাহী সিটি করপোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি। তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে, তা বাতিল ঘোষণা করা হলো। ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আগের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশন অনুমোদিত ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সব অটোরিকশায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আগের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি করপোরেশন।

সভায় সিদ্ধান্ত হয়, অটোরিকশা, চার্জার রিকশা ও চালক লাইসেন্স ১৫ জানুয়ারি পর্যন্ত নবায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে পরদিন ১৬ জানুয়ারি থেকে নবায়নের ক্ষেত্রে ১৫ শতাংশ সারচার্জ প্রযোজ্য হবে। ১৫ জানুয়ারির পর সিটি করপোরেশন এলাকায় নিবন্ধনবিহীন কোনো অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করতে পারবে না। নবায়নবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করলে সেগুলো জব্দ ও জরিমানা আদায় করা হবে।

সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহমদ আল মঈন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।