ইঞ্জিনচালিত নৌকার পাখায় কাটা পড়ে জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ইঞ্জিনচালিত নৌকার পাখায় কাটা পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার সমুদ্রতীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. আবদুল হামিদ (৩০)। তিনি ওই গ্রামের মো. মনির উল্লাহর ছেলে। সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার জাফর আহমদের ইঞ্জিনচালিত নৌকায় করে ৯ মাঝি সাগরে মাছ ধরতে যান। পরে মাছসহ নৌকাটি তীরে ভেড়ানোর সময় নৌকার পাখায় আবদুল হামিদ কাটা পড়েন।

এ সময় অন্য জেলেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নৌকার মালিক জাফর আহমদ জানান, নিহত ব্যক্তির লাশ বর্তমানে কক্সবাজার হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।