ইঞ্জিনসংকট প্রকট, রেল চলছে জোড়াতালি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিন ও লোকবলসংকটের কারণে কোনোরকমে জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট বিভাগ। ইতিমধ্যে ৬২টি ট্রেনের ১৮টি বন্ধ করে দিতে হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সমস্যা না মিটলে অচিরেই আরও ট্রেন বন্ধ করে দিতে হবে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) লালমনিরহাট বিভাগের অধীনে ছয়টি পথে ট্রেন চলে। এগুলো হচ্ছে লালমনিরহাট-বুড়িমারী, লালমনিরহাট-তিস্তা-রমনা বাজার, লালমনিরহাট-পার্বতীপুর, লালমনিরহাট-সান্তাহার, পার্বতীপুর-বিরল ও কাঞ্চন-পঞ্চগড়। সময়সূচি অনুযায়ী, এসব পথে প্রতিদিন ‘মেইল এক্সপ্রেস’ ২৪টি, ‘লোকাল-মিক্সড’ ২৬টি ও ‘আন্তনগর এক্সপ্রেস’ ১২টি ট্রেন চলাচলের কথা। কিন্তু চাহিদামাফিক ইঞ্জিন, কোচ/বগি ও লোকবল না থাকায় দুটি ‘মেইল এক্সপ্রেস’ ও ১৬টি ‘লোকাল-মিক্সড’ ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বর্তমানে যে ২২টি ‘মেইল এক্সপ্রেস’, ১২টি ‘লোকাল-মিক্সড’ ও ১২টি ‘আন্তনগর এক্সপ্রেস’ চালু রয়েছে, সেগুলো কখনো নিয়মিত, কখনো আবার অনিয়মিতভাবে চলাচল করছে।
লালমনিরহাট রেল বিভাগীয় মিডিয়া উইং সূত্রে জানা যায়, লালমনিরহাট রেল বিভাগে বর্তমানে সচল ৩২টি ইঞ্জিনের মধ্যে ৩১টি অনেক পুরোনো। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৯৬১ সালে ১১টি, কানাডা থেকে ১৯৬৯ সালে ৮টি ও ১৯৭৮ সালে ৯টি এবং ১৯৮১ সালে হাঙ্গেরি থেকে আনা হয় ৩টি। এর বাইরে পূর্বাঞ্চল রেলওয়ের (চট্টগ্রাম) জন্য ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে আনা একটি ইঞ্জিন লালমনিরহাট বিভাগকে দেওয়া হয়। এসব ইঞ্জিনের ইকোনমিক আয়ুষ্কাল ২০ বছর নির্ধারিত। অথচ ৩১টি ইঞ্জিনের বয়স এখন ৩৪ থেকে ৫৪ বছর হয়ে গেছে। তবু কানাডার ১৭টি ও দক্ষিণ কোরিয়ার ১টি ইঞ্জিন দিয়ে কাজ চালানো হচ্ছে। বাকি ১৪টির মধ্যে ৬টি পরিত্যক্ত অবস্থায় কেন্দ্রীয় মেরামত কারখানায় পড়ে আছে। অপর ৮টি ইঞ্জিন যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চালনায় অক্ষম। ফলে সেগুলো দিয়ে কেবল এক ট্রেন থেকে অন্য ট্রেনে বগি আনা-নেওয়ার কাজ করা যাচ্ছে।
এদিকে ট্রেন পরিচালনার জন্য জনবলেরও সংকট রয়েছে। লালমনিরহাট বিভাগের জন্য মঞ্জুরীকৃত লোকোমাস্টারের (প্রথম ও দ্বিতীয় গ্রেড) পদ রয়েছে ৮০টি। বর্তমানে নিয়মিত হিসেবে কর্মরত আছেন মাত্র ২৯ জন। এর বাইরে চুক্তিভিত্তিক হিসেবে রয়েছেন ৭ জন। এ ছাড়া সাব-লোকোমাস্টার পদের ৪২টির মধ্যে ২৫টি এবং সহকারী লোকোমাস্টার (প্রথম ও দ্বিতীয় গ্রেড) পদের ১৩২টির মধ্যে ৪৭টি শূন্য রয়েছে।
রেলের লালমনিরহাট বিভাগীয় ভারপ্রাপ্ত ট্রাফিক সুপারিনটেনডেন্ট এমদাদুল হক সরদার বলেন, ইঞ্জিন ও চালকসংকটের কারণে সময়সূচি মেনে ট্রেন পরিচালনা করা যাচ্ছে না। কোথাও দুর্ঘটনা ঘটলে কিংবা উদ্ধারকাজে পাঠানোর প্রয়োজন হলে অন্য কোনো ট্রেন বাতিল বা অস্বাভাবিক বিলম্ব করতে হচ্ছে। আর কোনো চালক অসুস্থ হয়ে পড়লে কিংবা বিশেষ প্রয়োজনে ছুটিতে গেলেও একই অবস্থা হচ্ছে। সংকট দ্রুত নিরসন করা না গেলে ভবিষ্যতে আরও ট্রেন বন্ধ হতে পারে। ভেঙে পড়তে পারে সময়সূচি।
লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী মো. মমতাজুল ইসলাম বলেন, প্রতি মাসেই পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) প্রধান যন্ত্র প্রকৌশলীকে এসব সমস্যা উল্লেখ করে চিঠি দেওয়া হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হোসেইন বলেন, ইঞ্জিন ও জনবলের ঘাটতির বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বরাদ্দ এলে পরিস্থিতি স্বাভাবিক হবে।