ইঞ্জিনে পাখি, সিলেটে উড়োজাহাজ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখি ঢুকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের (বিজি-০৫২) একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেল। গতকাল শনিবার দুবাই থেকে আসা ওই উড়োজাহাজ থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে পাঠানো হয় অন্য উড়োজাহাজে। রানওয়েতে অবতরণ করার সময় কর্তব্যরত বার্ড শুটার না থাকার কারণে উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢোকার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
গতকাল সকাল সোয়া সাতটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি সোয়া আটটায় ঢাকায় রওনা করার কথা ছিল। বিমানটি রানওয়ে টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি বিমানের ডান দিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে বিমানের পাখার চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়। তাৎক্ষণিক সব যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানটি মেরামতের জন্য রাখা হয়।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, ওই সময় বার্ড শুটার হিসেবে সেলিম উদ্দিনের দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বার্ড শুটার ছিল কি না—এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, যেহেতু কোনো দুর্ঘটনা ঘটেনি, তাই স্থানীয়ভাবে কোনো তদন্ত কমিটি করা হয়নি। ঢাকা থেকে এখন বিষয়টি দেখবে।
দুবাই থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে ৫৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরীণ রুটের ১৯ জন যাত্রী।
বিকল বিমানের যাত্রীদের লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়। সিলেট নগরের হাউজিং এস্টেটের বাসিন্দা ওই বিমানের এক যাত্রী জানান, যাত্রা বিলম্বের মুখে পড়লেও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় অনেকেই স্বস্তি বোধ করছিলেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বিকল বিমানটি মেরামতের জন্য ঢাকা থেকে তিন সদস্যের একটি প্রকৌশলী দল বেলা তিনটার দিকে সিলেটে পৌঁছে বিকল বিমান দেখেছে।