ইটনায় নৌকাডুবির পর তরুণের লাশ উদ্ধার, নিখোঁজ কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনার মৃগা হাওরে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মধ্যে শামীম মিয়া (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলের কাছ থেকে লাশ উদ্ধার হয়।

শামীম মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের বাসিন্দা। নিখোঁজ রয়েছে একই গ্রামের বাসিন্দা জয় বাদশা (১৫) নামের এক কিশোর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে আটটায় প্রজারকান্দা গ্রামের বুলবুল (৪০), কালাম (৪৮), সাদির মিয়া (৩৬), জয় বাদশা ও শামীম মিয়া নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টায় ওই হাওরে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। এতে দুলতে দুলতে নৌকাটি একপর্যায়ে ডুবে যায়। বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হন।

ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ইটনা থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আজ সকাল থেকে মৃগার হাওর ও আশপাশের এলাকায় নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়। একপর্যায়ে দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলের কাছের এলাকা থেকে শামীম মিয়ার লাশ উদ্ধার হয়। নিখোঁজ জয় বাদশার খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে।