ইটবোঝাই ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে মেরামতের জন্য সড়কের পাশে রাখা একটি ইটবোঝাই ট্রলিতে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সাতগাতী বাজার এলাকার নেহালপুর-কালীবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলো রাসেল হোসেন (১৫) ও রনি হোসেন (১৭)। রাসেল মনিরামপুর উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিন আহমেদের ছেলে ও রনি একই গ্রামের তবিবুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের জসীম উদ্দীনের ছেলে হৃদয় হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিন বন্ধু রাসেল, রনি ও হৃদয় মোটরসাইকেল ভাড়া করে গতকাল সন্ধ্যায় ঘুরতে বের হয়। মোটরসাইকেল চালাচ্ছিল রাসেল। রনি ও হৃদয় মোটরসাইকেলের পেছনে বসেছিল। উপজেলার সাতগাতী বাজার এলাকায় বিকল হয়ে পড়া একটি ইটবোঝাই ট্রলি মেরামতের জন্য নেহালপুর-কালীবাড়ি সড়কের পাশে রাখা ছিল। ট্রলিটির একটি চাকা সড়কের ওপর ছিল। সন্ধ্যা সাতটার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি ট্রলির পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা রাসেল, রনি ও হৃদয় গুরুতর আহত হয়। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত রনি ও হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যায়। আহত হৃদয়কে উন্নত চিকিৎসার আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল প্রথম আলোকে বলেন, মেরামতের জন্য রাখা ইটবোঝাই ট্রলিতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল ও রনি নামের দুই বন্ধু মারা গেছেন। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তিনি।