চাষাবাদের জন্য কৃষক আলী আকবরের সম্বল মাত্র ১৬ শতক জমি। কিন্তু সেই জমি জোর করে দখল করে ইটভাটা বানানো হচ্ছে। ইতিমধ্যে ভাটার কাজের জন্য তাঁর জমিতে মাটি ফেলা হয়েছে। আলী আকবরের মতো আরও কয়েকজনের জমি দখল করে ভাটাটি গড়ে উঠছে। এ ঘটনা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি এলাকার।
আলী আকবরের বাড়ি নস্তি গ্রামে। তিনি বলেন, তাঁদের গ্রামের বাসিন্দা কামাল হোসেন নস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজের মধ্যে কয়েকজনের জমি বর্গা নিয়ে ‘শাকিল ভাটা’ নামে একটি ভাটা নির্মাণ করেন। গত তিন বছর এই ভাটা চালিয়েছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বিদ্যালয়ের পাশে হওয়ায় ভাটাটি নিয়ে অনেকের আপত্তি ছিল। এবার কামাল হোসেন আগের স্থান থেকে সামান্য পশ্চিমে সরে নতুন করে ভাটা নির্মাণের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ভাটার চিমনি স্থাপন করা হয়েছে। অন্য কাজও অব্যাহত রয়েছে।
আলী আকবর আরও বলেন, ওই জায়গার পাশে তাঁর ১৬ শতক জমি। এই জমিতেই তাঁর সংসার চলে। জোর করে ভাটার মালিক সেখানে মাটি ফেলেছেন।
গ্রামের বাসিন্দা আবু বক্কর বলেন, কামাল হোসেন ওই স্থানে ৮ বিঘার মতো জমি কিনেছেন। আরও তিন বিঘা জমি বন্দোবস্ত নিয়েছেন। এই জমির ওপর ভাটা নির্মাণ শুরু করেছেন। ভাটার জন্য কমপক্ষে ২৫ বিঘা জমির প্রয়োজন হয়। এখন কামাল হোসেন অন্যদের জমি দখলের পাঁয়তারা করছেন। কারও জমিতে জোর করে মাটি ফেলে, আবার কারও জমিতে বালু রাখছেন।
আবু বক্কর আরও বলেন, ওই ভাটার আশপাশে ২০ একরের বেশি চাষযোগ্য জমি রয়েছে। ভাটা হলে ফসলি জমি নষ্ট হয়ে যাবে।
ভাটার মালিক কামাল হোসেন হত্যা মামলায় কারাগারে রয়েছেন। তবে ভাটার কাজ চলছে। ভাটার ব্যবস্থাপক বজলুর রহমান বলেন, ভাটা নির্মাণের আগে জমির মালিকদের সঙ্গে কথা বলেছিলেন ভাটার মালিক। তাঁরা জমি দিতে চেয়েছিলেন। এখন তা দিচ্ছেন না। যে স্থানে ভাটার চিমনি করা হয়েছে, তাতে আলী আকবরের জমি ভালো থাকবে না। এই জন্য জমিটা দিতে বলেছেন।
ইউএনও মামুনুল করিম বলেন, এলাকার লোকজনের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ভাটা নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এরপরও কাজ চললে ব্যবস্থা নেওয়া হবে।