ইটভাটায় মাটি নিতে নদীতে বাঁধ

চরজুড়ে ইটভাটা। নদীর বুকে মাটি ফেলে বাঁধ দিয়ে তৈরি হয়েছে রাস্তা। নদীর পাড় কেটে ওই মাটি যাচ্ছে ভাটায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মার চরে গড়ে ওঠা অর্ধশত ইটভাটায় মাটি নেওয়ার জন্য ছয়টি অবৈধ রাস্তা করা হয়েছে। গত বৃহস্পতিবার লক্ষ্মীকুণ্ডা এলাকায়
প্রথম আলো

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে পদ্মার চরে ৫১টি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পদ্মাপাড়ের মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে এসব ভাটায়। অন্যদিকে মাটি নিতে পদ্মা নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ছয়টি অবৈধ রাস্তা। ফলে এলাকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিপন্ন হচ্ছে পদ্মা নদী।

জেলা প্রশাসনের কার্যালয়ের জেনারেল শাখা সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৫৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৫৩টি ভাটাই রয়েছে ওই চরে। এসব ভাটার মধ্যে চলতি বছর মাত্র দুটির লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি ভাটাগুলো অবৈধভাবে চলছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, প্রবহমান নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ অবৈধ। এতে নদীতে বাধার সৃষ্টি হয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়। নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

গত বুধবার এলাকাটি ঘুরে দেখা গেছে, ইউনিয়নের নবীনগর গ্রাম থেকে চর কুরুলিয়া পর্যন্ত নদীর পাড় দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধের একপাশে গ্রাম অন্য পাশে পদ্মা নদী। দূরে তাকালে দেখা যাবে নদীর বুক চিরে জেগে উঠেছে বিশাল চর। আর এই চরজুড়ে সারি সারি ইটভাটা। ফলে নদীর বুকে মাটি ফেলে বাঁধ দিয়ে তৈরি হয়েছে রাস্তা। নদীর পাড় কেটে সে রাস্তা দিয়ে মাটি যাচ্ছে ইটভাটায়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সাল থেকে এই চরে ইটভাটা তৈরি শুরু হয়েছে। এক এক করে গত কয়েক বছরে তৈরি হয়েছে ৫৩টি ইটভাটা। ফলে এলাকাটির নাম হয়েছে গেছে ‘৫৩ ভাটার গ্রাম’। খুব সহজে নদী কেটে মাটি পাওয়া যাচ্ছে, এ জন্য দিন দিন এলাকাটিতে ভাটার সংখ্যা বাড়ছে।

ট্রাকে করে মাটি যাচ্ছিল চরের শাহপাড়া অংশের কয়েকটি ইটভাটায়। ট্রাকের পিছু ধরে এগিয়ে গিয়ে দেখা যায়, পুরোদমে কাজ চলছে প্রতিটি ভাটায়। একদিকে নতুন ইট তৈরি হচ্ছে, অন্যদিকে চলছে পোড়ানো। ব্যস্ত সময় কাটছে ভাটাশ্রমিকদের। শাহপাড়া চরের ভাটামালিক কামলার হোসেন বলেন, আরও দুই মাস পুরোদমে ভাটা চলবে। নতুন ইট তৈরির পাশাপাশি ইট পোড়ানো হবে।

ইটভাটার বৈধ কাগজপত্র আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র ছাড়া ভাটা চালানো যায় না। অবশ্যই বৈধ কাগজপত্র নিয়েই ব্যবসা করছেন। নদীর মধ্য দিয়ে বাঁধ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ভাটামালিকদের পক্ষ থেকেই বাঁধ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম এলে এসব বাঁধ থাকবে না।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, চলতি বছর চরের সব কটি ভাটা চালু হয়নি। ৩৯টি ভাটায় ইট তৈরি হচ্ছে। ইট তৈরির জন্য মাটির জোগান দিতে পদ্মার চর থেকে দিনরাত এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) মেশিন দিয়ে চরের ফসলি জমি কাটার মহোৎসব চলছে। পদ্মার বুকে তৈরি করা বাঁধ দিয়ে ট্রাক আর ট্রাক্টরযোগে মাটি যাচ্ছে ইটভাটায়। ইটভাটার কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে, এলাকার প্রকৃতি ও পরিবেশদূষণ হচ্ছে। অন্যদিকে একের পর এক বাঁধ দেওয়ায় নদী পরিণত হয়েছে পুকুরে। এত সব অবৈধ কর্মকাণ্ড ঘটলেও কেউ কিছু দেখছে না।

উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, অবৈধভাবে কিছু করা হচ্ছে না। প্রশাসনের অনুমতি নিয়েই চরের মাটি কাটা হচ্ছে, ভাটা চলছে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ একটি অপরাধ। অন্যদিকে নদীর পাড় কেটে মাটি তোলা আরও একটি বড় অপরাধ। তাঁরা দ্রুত সময়ের মধ্যে এই অপরাধযজ্ঞ বন্ধের দাবি জানান।

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, সব দপ্তরের অনুমোদন নিয়ে ভাটাগুলো চলছে কি না, তা জানতে স্থানীয় প্রশাসন কাজ করছে। এর মধ্যে কোনো অভিযোগ পেলেও সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকবার অভিযান চালানো হয়েছে এবং নদীর বাঁধ অপসারণ ও জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস বলেন, সেখানে অবৈধ কিছু ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।