ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে রবি আজিয়াটার প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ
'ক্যারিয়ার গড়তে চাই উদার দৃষ্টিভঙ্গি'

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটার প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ব্যক্তি স্বার্থের কথা ভাবলে চাকরি জীবনে উন্নতি করা সম্ভব নয়। সফল হতে হলে প্রয়োজন উদার দৃষ্টিভঙ্গি। দলবদ্ধ হয়ে কাজ করতে না পারলে শীর্ষে ওঠা সম্ভব নয়।
সম্প্রতি নগরের জামালখানের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) মিলনায়তনে আয়োজিত ‘সিআইইউ-রবি আজিয়াটা লিমিটেড করপোরেট টক’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী।
শিক্ষার্থীদের মুখোমুখি এই অনুষ্ঠানে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমি খুব সাধারণ পরিবারের ছেলে। লেখাপড়ায় মনোযোগ কম ছিল। খেলাধুলা ছিল আমার প্রধান আকর্ষণ। এসএসসিতে দ্বিতীয় বিভাগ পেয়ে ভেঙে পড়েছিলাম। কিন্তু এটাই আমার জীবন বদলে দেয়। আমি নতুন উদ্যমে লেখাপড়া শুরু করি এবং ভালো ফলাফল করি। জীবনের কোনো ক্ষেত্রে ব্যর্থতা শেষ কথা নয়, এই উপলব্ধি আমাকে আজকের অবস্থানে এনেছে।’
উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘আমরা আশা করি রবির সঙ্গে সিআইইউর একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রবি আজিয়াটার ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নুরুল আবসার, ফিন্যান্স বিভাগের প্রধান সৈয়দ মনজুর কাদের এবং রবি চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার আশরাফুল কবির। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিআইইউর মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ হাসান। অনুষ্ঠানের শেষ অংশে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি