ইন্দুরকানি পাড়েরহাট বাজার সেতু ভেঙে দুর্ভোগে মানুষ

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত লোহার সেতুটি গত বছরের ১৪ সেপ্টেম্বর ট্রলারের ধাক্কায় ভেঙে যায়। ফলে পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্যবন্দর ও ইন্দুরকানির পাড়েরহাট বাজারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় ছয়টি গ্রামের ২০ হাজার মানুষ।
ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সরোয়ার বলেন, গত ১৪ সেপ্টেম্বর ট্রলারের ধাক্কায় সেতুটির একাংশ ভেঙে হেলে পড়ে। এরপরও ঝুঁকি নিয়ে কিছু লোক চলাচল করতেন। তবে ১৭ সেপ্টেম্বর সেতুটি পুরোপুরি ভেঙে যাওয়ায় পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্য বন্দরসহ পাঙ্গাশিয়া, চিথলিয়া, বাইনখালী, গাজীপুর ও বাদুরা গ্রামের সঙ্গে পাড়েরহাট বাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ায় মৎস্য ব্যবসায়ী, স্থানীয় গ্রামবাসী, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ৭০ মিটার দৈর্ঘ্যের সেতুটির ৬০ মিটার ধসে খালে পড়ে আছে। পাড়েরহাট বাজার প্রান্তে ১০ মিটারের মতো সেতুর একাংশ দাঁড়িয়ে রয়েছে। ভেঙে যাওয়া সেতুর পশ্চিম প্রান্তে পাড়েরহাট বাজার এবং পূর্ব প্রান্তে বাদুরা মৎস্য বন্দর, পাঙ্গাশিয়া, চিথলিয়া, বাইনখালী, গাজীপুর ও বাদুরা গ্রাম। পশ্চিম প্রান্তে রয়েছে পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়েরহাট মাধ্যমিক বিদ্যালয় ও রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ। ছয়টি খেয়ানৌকায় লোকজন ও শিক্ষার্থী খাল পার হচ্ছেন। বাদুরা মৎস্য বন্দর ও আশপাশের গ্রামগুলোর সঙ্গে পাড়েরহাট বাজারের বিকল্প কোনো সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় পাড়েরহাট বাজার, পিরোজপুর সদরে যেতে হলে খেয়া পার হয়ে যেতে হয়। বিশেষ প্রয়োজনে মোটরসাইকেলেরও খেয়া পারাপার করে চলাচল করতে হয়।
পাড়েরহাট বাদুরা মৎস্যজীবী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আকন বলেন, বাদুরা বাজারে ৫০টি মাছের আড়ত রয়েছে। বঙ্গোপসাগর ও স্থানীয় নদ-নদীতে ধরা মাছ নিয়ে প্রতিদিন কয়েক শ ট্রলার এ বন্দরে আসে। পিরোজপুর, জিয়ানগর, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বাগেরহাট, গোপালগঞ্জ ও ঝালকাঠি থেকে প্রতিদিন প্রায় দুই হাজার মৎস্য ব্যবসায়ী বাদুরা মৎস্য বন্দরে মাছ কেনার জন্য আসেন। সেতুটি ভেঙে যাওয়ায় ব্যবসায়ীরা মাছ পরিবহনে ভোগান্তিতে পড়ছেন। খেয়ানৌকায় করে মাছ পরিবহন করতে হয়।
বাদুরা গ্রামের ব্যবসায়ী মাহাবুব খান বলেন, প্রতিদিন ব্যবসায়িক কাজে বাদুরা থেকে পাড়েরহাট বাজারে পাঁচ থেকে ছয়বার যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে যাওয়ায় খেয়ানৌকায় পারাপার হতে হয়। জনগুরুত্বপূর্ণ এ সেতুটি জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন।
পিরোজপুর বাজারের মাছ ব্যবসায়ী মো. কালাম বলেন, ‘বাদুরা বাজারের মাছের আড়ৎগুলো থেকে প্রতিদিন মাছ কিনে পিরোজপুর বাজারে নিয়ে বিক্রি করি। সেতুটি ভেঙে যাওয়ায় কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী দুর্ভোগে পড়েছেন। খেয়ানৌকায় খাল পার হয়ে এরপর টমটম ও ভ্যানে করে মাছ পরিবহন করতে হয়।’
খেয়ানৌকার মাঝি লালন ফকির বলেন, ছয়টি খেয়ানৌকায় প্রতিদিন চার থেকে পাঁচ হাজার লোক খাল পারাপার করেন। প্রতিবার খেয়া পারাপারে জন্য দুই টাকা করে নেওয়া হয়।
এলজিইডি পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান বলেন, এলজিইডি এখন আর লোহার সেতু নির্মাণ করছে না। ভেঙে যাওয়া সেতুর স্থানে ৯০ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার সেতু নির্মাণের জন্য নকশার কাজ চলছে। এলজিইডির প্রধান কার্যালয়ে নকশা পাঠানোর পর অনুমোদন পেলে দরপত্র আহ্বান করা হবে।