ইন্দুরকানিতে উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মিছিল–সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ
ছবি: প্রথম আলো

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমানের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আজ দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান দলীয় নেতা-কর্মীরা। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান সিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান, ইন্দুরকানি সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আজিজ হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

এ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা চালানো সজীব হাওলাদার একজন সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাত আটটার দিকে মতিউর রহমান উপজেলা পরিষদ এলাকার বাসভবন থেকে সরকারি গাড়িতে পিরোজপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় উপজেলা পরিষদের সামনের সড়কে তাঁর গাড়ি থামিয়ে কথা বলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজীব হাওলাদারসহ তিন ব্যক্তি। কথা বলার একপর্যায়ে তাঁরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর সজীব হাওলাদার মতিউর রহমানকে কিল-ঘুষি মারতে শুরু করেন। সজীব ও তাঁর সহযোগীদের হামলায় গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়।