ইন্দুরকানিতে যৌন হয়রানির অভিযোগে ইমামের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে হাফিজুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। হাফিজুল স্থানীয় একটি মসজিদের ইমাম। গতকাল রোববার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলাটি করেন।

হাফিজুলের বাড়ি কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রামে। মামলার এজাহার ও অভিযোগকারীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী হাফিজুলের কাছে আরবি শিখতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে কথা আছে বলে হাফিজুল মসজিদসংলগ্ন তাঁর থাকার কক্ষে তাকে নিয়ে যান।

এরপর হাফিজুল ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে গলা কেটে হত্যার হুমকি দেন হাফিজুল। পরে তিনি ওই কক্ষে তালা দিয়ে মেয়েটিকে আটকে রাখেন।

রাতে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর হাফিজুলের থাকার ঘরের তালা ভেঙে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন।

এ ঘটনার পর রাতেই স্থানীয় লোকজন হাফিজুলকে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে নিয়ে যান। স্থানীয় লোকজন বলেন, তখন ইউপি চেয়ারম্যান হাফিজুলকে জুতাপেটা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তবে ইউপি চেয়ারম্যান দাবি করেছেন, বিক্ষুব্ধ লোকজনের উপস্থিতিতে হাফিজুলের ভগ্নিপতিই ওই শাস্তি দেন। কোনো জরিমানাও করা হয়নি।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সোমবার সকালে বলেন, স্কুলছাত্রীর বাবার করা মামলার পর থেকে হাফিজুল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।